শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

logo

কুমিল্লা সেনানিবাসে যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

reporter

মো: তোফায়েল আহমেদ

প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৬, ১০:৪৪ অপরাহ্ণ


কুমিল্লা সেনানিবাসে যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

যথাযোগ্য মর্যাদা, শ্রদ্ধা ও নানা আয়োজনের মধ্য দিয়ে কুমিল্লা সেনানিবাসে পালিত হয়েছে সশস্ত্র বাহিনী দিবস-২০২৬। এ উপলক্ষে শনিবার (২১ নভেম্বর) সেনানিবাসে বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অতিথিদের অভ্যর্থনা জানান ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি ও কুমিল্লা এরিয়ার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ মোহতাশিম হায়দার চৌধুরী, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি।

স্বাগত বক্তব্যে তিনি মহান মুক্তিযুদ্ধে কুমিল্লা অঞ্চলের মানুষের সাহসিকতা, সহযোগিতা ও বীরত্বপূর্ণ অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে উপস্থিত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বক্তব্যে তিনি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি জাতীয় দুর্যোগ মোকাবিলা, পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস দমন, বেসামরিক প্রশাসনকে সহায়তা এবং দেশগঠনমূলক কর্মকাণ্ডে সশস্ত্র বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতেও সশস্ত্র বাহিনীর অবদানের কথা উল্লেখ করেন তিনি।

সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন প্রসঙ্গে তিনি বলেন, আধুনিক সামরিক প্রযুক্তির পাশাপাশি দেশীয় প্রযুক্তি ও উদ্ভাবনের সমন্বয়ে বাহিনীকে আরও যুগোপযোগী, দক্ষ ও স্বনির্ভর করে গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, ১৯৭১ সালের ২১ নভেম্বর মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বিত প্রতিরোধ ও আক্রমণ মুক্তিযুদ্ধে নতুন গতি সঞ্চার করে। সেই ঐতিহাসিক দিনটির স্মরণে প্রতিবছর ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, সামরিক ও বেসামরিক কর্মকর্তা, সশস্ত্র বাহিনীর সাবেক সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

মো: তোফায়েল আহমেদ / এমএসএম

Link Copied