
লাহিড়ী মোহনপুর রেলক্রসিংয়ে দুর্ঘটনার ঝুঁকি, ফুটওভারব্রিজ নির্মাণের দাবি
প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৬, ১২:৪৮ অপরাহ্ণ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুর রেলস্টেশন এলাকায় ফুটওভারব্রিজ না থাকায় প্রতিদিন ঝুঁকি নিয়ে রেললাইন পারাপার করছেন শিক্ষার্থীসহ হাজারো মানুষ। রেললাইনের দুই পাশে রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান, হাটবাজার ও জনবসতি। ফলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ রেলক্রসিং দিয়ে মানুষের চলাচল লেগেই থাকে। স্থানীয়দের অভিযোগ, এখানে একাধিক দুর্ঘটনায় হতাহতের পাশাপাশি প্রাণহানির ঘটনাও ঘটেছে। তাই দ্রুত একটি ফুটওভারব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন তাঁরা।
লাহিড়ী মোহনপুর সহকারী শিক্ষিকা মোনালিসা পারভিন বলেন, বিদ্যালয়টি রেলস্টেশনের দক্ষিণ পাশে হলেও অধিকাংশ ছাত্রীর বাড়ি উত্তর পাশে। ফলে প্রতিদিন ঝুঁকি নিয়ে রেললাইন পার হয়ে তাদের বিদ্যালয়ে আসতে হয়। সম্প্রতি নির্বাচনী পরীক্ষা দিতে আসার পথে বিদ্যালয়ের ফার্স্ট গার্ল সিদ্দিকা দুর্ঘটনায় আহত হয়। শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারাও একাধিকবার দুর্ঘটনার শিকার হয়েছেন। ফুটওভারব্রিজ নির্মাণ হলে সবাই নিরাপদে যাতায়াত করতে পারবেন।
মোহনপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী তাইবা বলেন, প্রতিদিন রেললাইন পার হয়ে স্কুলে যাতায়াত করতে হয়। এতে দুর্ঘটনার ঝুঁকি থাকে। তাই শিক্ষার্থীদের নিরাপদ চলাচলের জন্য ফুটওভারব্রিজ নির্মাণের দাবি জানাই।
উল্লাপাড়া মার্চেন্ট পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ মিরাজ বাবুল হক আকাশ বলেন, রেললাইন পার হয়ে বিদ্যালয়ে যাতায়াত করতে গিয়ে ভোগান্তিতে পড়তে হয়। ট্রেন চলাচলের কারণে অনেক সময় দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। তাই এখানে ফুটওভারব্রিজ নির্মাণ প্রয়োজন।
লাহিড়ী মোহনপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শ্রী গোপাল চন্দ্র ঘোষ বলেন, মোহনপুর ও বড়পাঙ্গাসী ইউনিয়নের শিক্ষার্থীরা রেললাইন পার হয়ে বিদ্যালয়ে যাতায়াত করে। বড় হাটবাজার হওয়ায় প্রতিদিন অসংখ্য মানুষ এই ক্রসিং পার হন। এখানে ইতোমধ্যে দুই-তিনজনের প্রাণহানির ঘটনা ঘটেছে। জননিরাপত্তায় দ্রুত ফুটওভারব্রিজ নির্মাণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ প্রয়োজন।
স্টেশন বাজারের ব্যবসায়ী মনিরুজ্জামান বলেন, এখানে একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান থাকায় ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত শিক্ষার্থীদের যাতায়াত চলে। রিকশা, ভ্যানসহ বিভিন্ন যানবাহনের ভিড়ে রেললাইন পারাপার আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। ফুটওভারব্রিজ নির্মাণ হলে শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ মানুষের ভোগান্তি কমবে।
লাহিড়ী মোহনপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুকুল হোসেন বলেন, স্টেশন থেকে মাত্র ৫০ গজ দক্ষিণে অবস্থিত বিদ্যালয়টিতে প্রায় ৪৫০ জন শিক্ষার্থী পড়াশোনা করে। ফুটওভারব্রিজ না থাকায় তাদের ঝুঁকি নিয়ে রেললাইন পার হতে হয়। এটি নির্মাণ হলে শিক্ষার্থীদের যাতায়াত নিরাপদ হবে।
লাহিড়ী মোহনপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার রেজওয়ান হোসেন বলেন, এ স্টেশনে কোনো আন্তনগর ট্রেন থামে না, শুধু একটি লোকাল ট্রেনের যাত্রাবিরতি রয়েছে। তবে স্টেশনটি বাজারকেন্দ্রিক হওয়ায় প্রতিদিন প্রচুর মানুষের যাতায়াত হয়। বিশেষ করে রোববার ও বুধবার হাটের দিনে ভিড় বাড়ে। সম্প্রতি স্থানীয় কয়েকজন ব্যক্তি রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন। গতকালও সংশ্লিষ্ট ব্যক্তিরা এসে সম্ভাব্য স্থান পরিমাপ করেছেন বলে তিনি জেনেছেন। তবে ডাবল লাইন নির্মাণের সঙ্গে ফুটওভারব্রিজের বিষয়টি সম্পৃক্ত। যাত্রী ও সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করতে এখানে ফুটওভারব্রিজ নির্মাণ প্রয়োজন।



















