
গোপালগঞ্জ কারাগারে আনসার সদস্যদের খাবার সরবরাহ নিয়ে অপপ্রচারের প্রতিবাদ জানাল আনসার ও ভিডিপি
প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ণ

গোপালগঞ্জ জেলা কারাগারে দায়িত্বরত আনসার ব্যাটালিয়ন সদস্যদের খাবার সরবরাহকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু গণমাধ্যমে প্রচারিত তথ্যকে বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঘটনার প্রকৃত বিবরণ তুলে ধরে এ প্রতিবাদ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপালগঞ্জ জেলা কারাগারের নিরাপত্তা রক্ষায় অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে আনসার ব্যাটালিয়ন সদস্যরা দায়িত্ব পালন করছেন। দায়িত্বরত সদস্যদের জন্য গোপালগঞ্জ জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের বেসামরিক কর্মচারীরা (সিভিল স্টাফ) খাবার নিয়ে যাওয়ার সময় পথে বাধার সম্মুখীন হন। একপর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত একদল দুর্বৃত্ত তাঁদের জিম্মি করে ও ভয়ভীতি দেখিয়ে খাবার ছিনিয়ে নেয়।
আনসার ও ভিডিপি জানায়, দুর্বৃত্তরা ছিনিয়ে নেওয়া সেই খাবার বহনের ভিডিও ধারণ করে ঘটনাটিকে নিজেদের উদ্যোগ হিসেবে প্রচার করে এবং বিষয়টিকে রাজনৈতিকভাবে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা চালায়। এর পরিপ্রেক্ষিতে কিছু গণমাধ্যমে ‘বৃষ্টিতে খিচুড়ি নিয়ে আনসারদের পাশে ছাত্রলীগ’ শিরোনামে যে তথ্য প্রচারিত হয়েছে, তা প্রকৃত ঘটনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রতিকূল পরিস্থিতিতে দায়িত্ব পালনরত সদস্যদের খাবার সরবরাহের ঘটনাকে বিকৃতভাবে উপস্থাপন করে বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণার নিন্দা জানিয়ে সংশ্লিষ্ট সবাইকে যাচাইবিহীন তথ্য প্রচার থেকে বিরত থাকার এবং প্রকৃত তথ্য বিবেচনায় নিয়ে দায়িত্বশীল সংবাদ পরিবেশনের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।























