
পত্নীতলায় ঐতিহ্যবাহী গ্রামীণ মেলা
প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৬, ০৪:১৭ অপরাহ্ণ

নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর ইউনিয়নের পদ্মপুকুর স্কুল মাঠে সনাতন ধর্মাবলম্বীদের অগ্রহায়ণের নবান্ন উৎসব উপলক্ষে ঐতিহ্যবাহী গ্রামীণ মেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হয়। স্থানীয়ভাবে এটি ‘ক্ষিতিশা মেলা’ নামেও পরিচিত। প্রায় ২০০ বছর ধরে প্রতিবছর এ মেলা অনুষ্ঠিত হয়ে আসছে, যেখানে ধর্ম-বর্ণ ও সম্প্রদায় নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়।
সরেজমিনে দেখা গেছে, মেলা প্রাঙ্গণে মিষ্টি, জিলাপি, চমচম, রসগোল্লা, কালোজাম, দই, সন্দেশ, চিনির সাজ, বাতাসা ও মুড়িসহ হরেক রকমের মুখরোচক খাবারের দোকান বসেছে। এ ছাড়া গ্রামীণ কারুশিল্পীদের তৈরি মৃৎ ও বাঁশশিল্পের সামগ্রী, নানা ধরনের খেলনা এবং প্রসাধনীসহ গৃহস্থালির বিভিন্ন উপকরণ বিক্রি করছেন ভ্রাম্যমাণ দোকানিরা। গ্রামবাংলার আবহমান লোকজ রূপ ফুটে উঠেছে এই আয়োজনে।
মেলায় আসা প্রতিমা রানী জানান, নবান্ন উপলক্ষে মন্দিরে ভোগ দেওয়ার পাশাপাশি তিনি মেলা থেকে শিশুদের জন্য খেলনা, শাঁখা ও প্রসাধনী সামগ্রী কিনেছেন। মেলা থেকে প্রয়োজনীয় পণ্যসামগ্রী ক্রয় করেই স্থানীয়রা নবান্ন উৎসব উদ্যাপন করেন বলে জানান এলাকাবাসী।



















