বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

logo

প্রতিকূলতা পেরিয়ে মিডিয়া ও ফ্যাশন জগতে নিজের অবস্থান গড়ছেন নোয়াখালীর শানু

reporter

প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ণ


প্রতিকূলতা পেরিয়ে মিডিয়া ও ফ্যাশন জগতে নিজের অবস্থান গড়ছেন নোয়াখালীর শানু

প্রতিকূলতা ও পারিবারিক বাধা পেরিয়ে দেশের মিডিয়া ও ফ্যাশন জগতে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরির প্রত্যয়ে এগিয়ে চলেছেন নোয়াখালীর মেয়ে সাবরিনা শানু লাকি। বিনোদন অঙ্গনে তিনি ‘শানু’ নামেই বেশি পরিচিত। অভিনয় থেকে মিউজিক ভিডিও, বিজ্ঞাপনচিত্র, জাতীয় পর্যায়ের রিয়েলিটি শো এবং আন্তর্জাতিক ফ্যাশন মঞ্চ—সব ক্ষেত্রেই নিজের যোগ্যতা ও আত্মবিশ্বাসের স্বাক্ষর রেখে চলেছেন তিনি।

নোয়াখালী জেলার সুধারাম থানায় জন্ম ও বেড়ে ওঠা শানুর। পূর্ব ভাটিরটেক রহমানিয়া উচ্চবিদ্যালয় থেকে ২০১১ সালে মাধ্যমিক এবং নোয়াখালী মহিলা কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করার পর নোয়াখালী সরকারি কলেজে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি হন তিনি। তবে পারিবারিক ও পারিপার্শ্বিক কারণে পড়াশোনা শেষ করা সম্ভব না হলেও ছোটবেলা থেকে লালন করা অভিনয়ের স্বপ্ন থেকে কখনোই সরে আসেননি।

২০১৭ সালে নাজমুল হক পরিচালিত ও একুশে টেলিভিশনে প্রচারিত ‘নির্জন ভালোবাসা’ নাটকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মিডিয়ায় পথচলা শুরু করেন শানু। একই সময়ে সুলতান মজুমদারের পরিচালনায় বন্দর স্টিলের বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে কাজ করেন। তবে ২০১৮ সালে পারিবারিক বাধায় সাময়িক বিরতি নিতে হলেও ২০১৯ সালে নতুন উদ্যমে আবারও ক্যামেরার সামনে ফেরেন তিনি।

প্রত্যাবর্তনের পর পলাশ মণ্ডলের নির্মাণে ‘বিউটিফুল কন্যা’ ও ‘রিতা এখন পরের ঘরে’, নাসিম সাহনিকের পরিচালনায় সংগীতশিল্পী ইমরানের মিউজিক্যাল ফিল্ম ‘শুধু তুমি তুমি’, ইথুন বাবুর পরিচালনায় ‘কাঁদালে কাঁদতে হয়’, রবিউল ইসলাম বাদশার পরিচালনায় ‘পিরিতির দংশন’ এবং কণ্ঠশিল্পী সানি আজাদের ৫০তম গান ‘হারাতে দেবো না’সহ বেশ কিছু জনপ্রিয় মিউজিক ভিডিওতে মডেল হিসেবে পরিচিতি পান শানু। এ ছাড়া সুজন বড়ুয়ার ‘হিরো আমিন’, সাইফুল ইসলামের ‘ভালোবাসার চাদর’, আশরাফ খানের ঈদ বিশেষ ধারাবাহিক ‘সিক্স এক্স’ নাটক এবং ‘বনলতা সেন’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি।

২০২২ সাল থেকে ফ্যাশন জগতে নতুন অধ্যায় শুরু করেন শানু। সংগীত পরিচালক ইথুন বাবু ও রেখা সুফিয়ানার প্রতিষ্ঠান ‘ই’বি কালেকশন’-এর শাড়ির মডেল হিসেবে কাজ শুরুর পর আলিফ নূর অর্গানাইজেশনের পাকিস্তানি ফ্যাশন স্যুট প্রতিযোগিতায় বিজয়ী হন। ২০২৩ সালে ‘বাংলাদেশ মিস অ্যান্ড মিসেস প্লাস বিউটি’ রিয়েলিটি শোতে রানারআপ হয়ে নতুন পরিচিতি লাভ করেন। এরপর ২০২৪ সালে ইন্টারন্যাশনাল ফ্যাশন ডিরেক্টর সুমন হোসাইনের আয়োজনে ভারতের দিল্লির নয়ডায় অনুষ্ঠিত ‘এশিয়ান ইন্টারন্যাশনাল ফ্যাশন উইক’-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করে অ্যাওয়ার্ড ও সার্টিফিকেট অর্জন করেন তিনি। কাজের স্বীকৃতি হিসেবে ইতিমধ্যে ‘সাকসেস অ্যাওয়ার্ড’, ‘ইন্টারন্যাশনাল আইপিএ অ্যাওয়ার্ড’ ও ‘ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ড’সহ নানা সম্মাননায় ভূষিত হয়েছেন শানু।

নিজের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সাবরিনা শানু লাকি জানান, মডেলিং ও ছোট পর্দায় কাজ করলেও তাঁর মূল স্বপ্ন বড় পর্দাকে ঘিরে। ভালো গল্প, মানসম্মত চিত্রনাট্য ও দক্ষ নির্মাতার সঙ্গে কাজ করার সুযোগ পেলে চলচ্চিত্রে অভিনয়দক্ষতা ও ব্যক্তিত্বের যথাযথ প্রকাশ ঘটিয়ে দর্শকের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিতে চান তিনি।

এমএসএম / এমএসএম

Link Copied