বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

logo

উল্লাপাড়ায় ৩ লাখ ৩০ হাজার টাকার নিষিদ্ধ জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস

reporter

প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬, ০৫:৪১ অপরাহ্ণ


উল্লাপাড়ায় ৩ লাখ ৩০ হাজার টাকার নিষিদ্ধ জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় করতোয়া ও ফুলজোড় নদীতে অভিযান চালিয়ে প্রায় তিন লাখ ত্রিশ হাজার টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে জব্দ করা এসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত পরিচালিত অভিযানে পানিতে পেতে রাখা ৪৬টি চায়না দুয়ারি জাল এবং প্রায় ২০ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সাল মাহমুদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আতাউর রহমান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে জব্দ করা ৪৬টি চায়না দুয়ারি জালের আনুমানিক বাজারমূল্য প্রায় এক লাখ ত্রিশ হাজার টাকা। অন্যদিকে, ২০ হাজার মিটার কারেন্ট জালের মূল্য প্রায় দুই লাখ টাকা। সব মিলিয়ে জব্দ করা নিষিদ্ধ জালের আনুমানিক মূল্য প্রায় তিন লাখ ত্রিশ হাজার টাকা। পরে জনসম্মুখে এসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধ এবং নদীর প্রাকৃতিক মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এমএসএম / এমএসএম

Link Copied