
৪৫ হাজার টাকা লেনদেনের কথোপকথন ভাইরাল, মনপুরার সহকারী মৎস্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬, ০৫:৪০ অপরাহ্ণ

ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় মা ইলিশ রক্ষায় সরকারের নিষেধাজ্ঞা চলাকালে অর্থ লেনদেনের বিনিময়ে মাছ শিকারের সুযোগ করে দেওয়ার অভিযোগ উঠেছিল উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা কাজল রেখার বিরুদ্ধে। এ ঘটনায় উপজেলা যুবদলের সদস্য সচিব আবদুর রহিমের সঙ্গে তাঁর কথোপকথনের একটি কল রেকর্ডিং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অভিযোগের বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার মধ্যে দুর্নীতির অভিযোগে কাজল রেখাকে সাময়িক বরখাস্ত করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
গত ১২ নভেম্বর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মৎস্য-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। মন্ত্রণালয়ের উপসচিব ছাইদা আক্তার পরাগ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, মনপুরা উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সহকারী মৎস্য কর্মকর্তা কাজল রেখার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯(১) ধারা এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(খ) ও ৩(ঘ) বিধি অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ১২(১) বিধি অনুযায়ী তাঁকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
বরখাস্তকালীন বিধি অনুযায়ী তিনি খোরপোষ ভাতা পাবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে গত ২৭ অক্টোবর সাংবাদিকদের কাছে আসা ৪৮ সেকেন্ডের একটি কল রেকর্ডিংয়ে অর্থ লেনদেন, মাছ ধরার নৌকা এবং নিষেধাজ্ঞার মধ্যে মাছ শিকারের সুযোগ দেওয়ার বিষয়ে কথোপকথন শোনা যায় বলে অভিযোগ ওঠে। রেকর্ডিংয়ে আবদুর রহিম ও সহকারী মৎস্য কর্মকর্তা কাজল রেখার কণ্ঠ রয়েছে বলে দাবি করা হয়।
ছড়িয়ে পড়া রেকর্ডিংয়ের একটি অংশে আবদুর রহিমকে বলতে শোনা যায়, ‘৪৫ হাজার টাকা দিয়েছি, আর দিতে পারব না, আপনি আমাকে বাঁচান।’ জবাবে কাজল রেখার কণ্ঠ বলে দাবি করা অংশে শোনা যায়, ‘রহিম ভাই, আপনি আমার অফিসে একটা ব্যাগ দিয়ে গেলেন, আমি আপনার জন্য কিছুই করতে পারছি না। আপনি অফিসে আসেন।’
রেকর্ডিংয়ের অন্য একটি অংশে কাজল রেখার কণ্ঠ বলে দাবি করা ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘রহিম ভাই, আরেকটা মাগরিবের আগে পাঠিয়ে দিয়েন, না হয় সব বোটে আগুন লাগিয়ে দেব।’ জবাবে আবদুর রহিমকে ৪৫ হাজার টাকা দেওয়ার কথা উল্লেখ করে তাঁকে রক্ষা করার অনুরোধ করতে শোনা যায়। কথোপকথনের শেষাংশে চা খাওয়ার খরচ এবং বাকি টাকা হেলাল ভাইকে দেওয়ার প্রসঙ্গও রয়েছে বলে দাবি করা হচ্ছে।
এ ঘটনায় বক্তব্য জানতে সহকারী মৎস্য কর্মকর্তা কাজল রেখার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগের বিষয়ে স্পষ্ট কোনো বক্তব্য না দিয়ে বারবার প্রসঙ্গ পরিবর্তন করেন। অন্যদিকে উপজেলা যুবদলের সদস্য সচিব আবদুর রহিমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় সচেতন মহলের মতে, মা ইলিশের প্রজনন মৌসুমে সরকারের নিষেধাজ্ঞা বাস্তবায়নের দায়িত্বে থাকা কোনো কর্মকর্তার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। তাই ভাইরাল কল রেকর্ডিংয়ের সত্যতা, কথিত অর্থ লেনদেন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা প্রয়োজন।




















