
প্রতি ওয়ার্ড ও ইউনিয়নে দুজন করে কাজী নিয়োগসহ চার দফা দাবি ওলামা কল্যাণ পরিষদের
প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬, ০৫:১৭ অপরাহ্ণ

সিটি করপোরেশন ও পৌরসভার প্রতিটি ওয়ার্ড এবং ইউনিয়নে দুজন করে কাজী নিয়োগসহ চার দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে জাতীয় ওলামা কল্যাণ পরিষদ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) আয়োজিত এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম চৌধুরী এবং মহাসচিব অধ্যাপক মাওলানা মাহবুবুর রহমান।
সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মতো বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানেরও আলেম সমাজের প্রতি অকৃত্রিম শ্রদ্ধা রয়েছে। বিগত ১৭ বছরে বঞ্চিত আলেমদের মূল্যায়নে তাঁরা চার দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো—প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নে দুজন করে কাজী নিয়োগ, আলিয়া ও কওমি সনদের মধ্যেই কাজী নিয়োগ সীমাবদ্ধ রাখা, সরকারি রাজস্ব গ্রহণকারী কাজীদের লাইসেন্স বাতিল এবং কাজী নিয়োগের বয়সসীমা ৪৫ থেকে বাড়িয়ে ৫০ বছর করা। এ ছাড়া নিয়োগ কমিটিতে একজন বিজ্ঞ আলেম ও কাজী প্রতিনিধি রাখা এবং দ্রুত শূন্যপদে নিয়োগের দাবি জানানো হয়।
নেতৃবৃন্দ আরও বলেন, ১৯৭৪ সালে দেশের জনসংখ্যা ছিল ৭ কোটি ৬৪ লাখ, যা ২০২৬ সালে বেড়ে ১৯ কোটিতে দাঁড়িয়েছে। ঢাকা মহানগর এলাকায় জনসংখ্যা কয়েক গুণ বৃদ্ধি পাওয়ায় বর্তমান কাজীরা তিন-চারটি সাব-অফিস খুলে কার্যক্রম চালাচ্ছেন। তাই জনদুর্ভোগ কমাতে ও জটিল মাসয়ালা-মাসায়েল সমাধানের স্বার্থে আলিয়া ও কওমি সনদধারীদের মধ্য থেকে দুজন করে কাজী নিয়োগ দেওয়া জরুরি। পাশাপাশি কাজীদের সরকারি চাকরি না করার ২০০৯ সালের বিধিমালার (সংশোধিত ২০১১ ও ২০১২) ২০ নম্বর বিধি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান জানিয়ে আইন মন্ত্রণালয়ের মাধ্যমে দাবিগুলো বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তাঁরা।






















