
হিফজুল কুরআন প্রতিযোগিতায় জেলা পর্যায়ে তৃতীয় মুরাদনগরের সিয়াম
প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬, ০৫:২৭ অপরাহ্ণ

হিফজুল কুরআন প্রতিযোগিতায় জেলা পর্যায়ে তৃতীয় স্থান অর্জন করে রৌপ্য পদক লাভ করেছে ১২ বছর বয়সী মো. সিয়াম সরকার। আল খায়ের ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত জেলা পর্যায়ের এ প্রতিযোগিতায় অসংখ্য প্রতিযোগীকে পেছনে ফেলে কৃতিত্বের সঙ্গে এ সাফল্য অর্জন করে সে।
সিয়াম মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জের গুঞ্জর গ্রামের শফিক বাবুর্চির ছেলে। সে কসবা উপজেলার ঐতিহ্যবাহী বুগীর বামুটিয়া শেখসাদী তাহফিজুল কুরআন (বালক-বালিকা) মডেল মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থী। এ নিয়ে সে তিনবার রৌপ্য পদক অর্জন করেছে।
সিয়ামের এ অর্জনে পরিবার-পরিজন, গ্রামবাসী, মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। সন্তানের এমন সাফল্যে আনন্দিত ও গর্বিত তার বাবা-মা। তারা সিয়ামের সাফল্যের পেছনে অবদান রাখার জন্য মাদ্রাসা কর্তৃপক্ষ ও সম্মানিত শিক্ষকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বুগীর বামুটিয়া শেখসাদী তাহফিজুল কুরআন (বালক-বালিকা) মডেল মাদ্রাসার প্রধান পরিচালক হাফেজ মাওলানা শাহারিয়ার বিন সাদী বলেন, ‘আমাদের প্রতিষ্ঠানটি কেবল কুরআনের হাফেজ তৈরির মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং ধর্মীয় শিক্ষার পাশাপাশি সাধারণ ও আধুনিক শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের যুগোপযোগী ও মানসম্মত শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। আমাদের লক্ষ্য, শিক্ষার্থীরা একদিকে যেমন পবিত্র কুরআনের হাফেজ ও দ্বীনি শিক্ষায় শিক্ষিত হবে, অন্যদিকে সাধারণ শিক্ষায় উচ্চশিক্ষা অর্জনের মাধ্যমে নিজেদের যোগ্য ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলবে।’
সিয়ামের এমন সাফল্যে এলাকায় গর্ব ও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয়রা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও তার মেধা, অধ্যবসায় ও শিক্ষকদের দিকনির্দেশনায় আরও বড় সাফল্য অর্জনের মাধ্যমে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও এলাকার মুখ উজ্জ্বল করবে।




















