
লামায় দিনমজুর ছগির হত্যা মামলার আসামি আব্দুর রহিম গ্রেপ্তার, ১৬৪ ধারায় জবানবন্দি
প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬, ০৫:০৯ অপরাহ্ণ

বান্দরবানের লামায় দিনমজুর মো. ছগির (৪২) হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আব্দুর রহিম (২৩) নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকার আদাবর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আব্দুর রহিম লামা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক বিলছড়ি এলাকার আব্দুর রহমানের ছেলে।পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ নভেম্বর বিকেল ৫টার দিকে ডিএমপির আদাবর থানার ৩৩ নম্বর ওয়ার্ডের সাহিল ফিলিং স্টেশনের পেছন থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রহিমকে গ্রেপ্তার করা হয়। অভিযানে এএসআই প্রকাশ ঘোষ সহযোগিতা করেন।মামলার বিবরণ ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮ সেপ্টেম্বর ছগির রূপসীপাড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নাইক্ষ্যং বাজার এলাকায় মো. গুলজারের বাগানে কাজের উদ্দেশ্যে যান। এরপর ২৬ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে তিনি মোবাইল ফোনে বাড়ি ফেরার কথা জানান এবং রূপসীপাড়া বাজারে আছেন বলে নিশ্চিত করেন। তবে সে রাতে তিনি আর বাড়ি ফেরেননি।
পরদিন ২৭ সেপ্টেম্বর সকাল সাড়ে ৭টার দিকে রূপসীপাড়া ইউনিয়নের শিলেরতুয়া থেকে রূপসীপাড়াগামী সড়কের হাতিরঝিরির মাথায় লাল মিয়ার পাহাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় ছগিরের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বান্দরবান জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।এ ঘটনায় নিহতের স্ত্রী মোছা. আছমা আক্তার বাদী হয়ে ২৮ সেপ্টেম্বর লামা থানায় হত্যা মামলা দায়ের করেন (এফআইআর নং-২৪, ধারা-৩০২/৩৪ দণ্ডবিধি, জিআর নং-১০৯)। পুলিশের তথ্যমতে, হত্যার পর আসামিরা নিহতের মোবাইল ফোনটি নিয়ে নেয় এবং পরনের লুঙ্গি ও শার্ট দিয়ে হাত-পা ও মুখ বেঁধে মরদেহ ফেলে রেখে যায়। পরে পুলিশের চোখ ফাঁকি দিতে ছিনতাই করা ফোনটি কক্সবাজারের চকরিয়ার কৈয়ারবিল এলাকার মোহাম্মদ আলাউদ্দিনের (২৬) কাছে বিক্রি করা হয়। এর আগে গত ১২ অক্টোবর গ্রেপ্তারকৃত আসামি মো. ইসমাইল হোসেন (১৯) আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন।মামলার তদন্ত কর্মকর্তা লামা থানার এসআই (নিরস্ত্র) সত্যজিৎ বড়ুয়া জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুর রহিম হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তিনি জানান, তার সঙ্গে মো. ইসমাইল হোসেন (১৯) ও উনোথুই মার্মা ওরফে জাফর (২৫) নামে আরও দুজন সহযোগী ছিল।
লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কায়ছার হামিদ জানান, আসামি আব্দুর রহিমকে যথাযথ পুলিশ প্রহরায় লামার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরবর্তীতে আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।



















