বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

logo

পাঁচ বছর পর তৃতীয় লিঙ্গের বাদল হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার সুজন

reporter

এইচ এম মাহমুদ হাসান

প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬, ১২:৩০ অপরাহ্ণ


পাঁচ বছর পর তৃতীয় লিঙ্গের বাদল হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার সুজন

হত্যাকাণ্ডের পাঁচ বছর পর তৃতীয় লিঙ্গের সদস্য বাদল মিয়া ওরফে জোসু হত্যার রহস্য উদঘাটন করেছে পিবিআই ঢাকা জেলা। এ ঘটনায় জড়িত মো. শাওন আহমেদ সুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতে হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন তিনি।

২০২১ সালের ২৪ অক্টোবর রাতে আশুলিয়ার এনায়েতপুর দক্ষিণপাড়ায় ভাড়া বাসায় খুন হন তৃতীয় লিঙ্গের সদস্য বাদল মিয়া ওরফে জোসু। দীর্ঘ পাঁচ বছর তদন্ত শেষে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও অভিযুক্তকে গ্রেপ্তারের দাবি করেছে পিবিআই।

তদন্তে উঠে আসে, ধামরাইয়ের একটি টেক্সটাইল কোম্পানির চালক শাওন আহমেদ সুজনের সঙ্গে বাদলের ঘনিষ্ঠতা ছিল। ঘটনার রাতে অন্য এক তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্কের ব্যবস্থা করে দেওয়ার কথা বলে বাদল সুজনকে বাসায় নিয়ে যান। তবে সেখানে ওই তরুণীর পরিবর্তে বাদলের সঙ্গে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেওয়া হয় সুজনকে। এতে রাজি না হওয়ায় তার কাছে টাকা দাবি করা হয় বলেও তদন্তে উঠে এসেছে।

এ নিয়ে প্রথমে বাকবিতণ্ডা, পরে হাতাহাতি হয় দুজনের মধ্যে। একপর্যায়ে সুজন ঘুষি মেরে, গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ এবং বালিশ চাপা দিয়ে বাদলকে হত্যা করেন বলে তদন্তে প্রমাণ পেয়েছে পিবিআই।

ঘটনার পর পালিয়ে যান সুজন। গত ১৫ নভেম্বর রাতে দিনাজপুরের বীরগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করে পিবিআই ঢাকা জেলা। পরে আদালতে হত্যাকাণ্ডের দায় স্বীকার করে জবানবন্দি দেন তিনি।

এ ঘটনায় অন্য কেউ জড়িত ছিল কি না, তা খতিয়ে দেখছে পিবিআই।

এইচ এম মাহমুদ হাসান / এমএসএম

Link Copied