
আশুলিয়ায় পিকআপভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬, ০৫:১০ অপরাহ্ণ

শিল্পাঞ্চল আশুলিয়ার কটুরিয়া এলাকায় বাসার সামনে পার্কিং করে রাখা একটি পিকআপভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে গাড়িটির সামনের সম্পূর্ণ অংশ পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন গাড়ির মালিক।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোররাতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী গাড়ির মালিক আশরাফ ফকির জানান, প্রতিদিনের মতো রাতে বাসার সামনে পিকআপভ্যানটি পার্কিং করে রাখেন তিনি। ভোররাতে কে বা কারা গাড়িটিতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। এ সময় প্রতিবেশীরা গাড়িতে আগুন জ্বলতে দেখে তাকে খবর দেন। পরে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে ততক্ষণে গাড়িটির সামনের সম্পূর্ণ অংশ পুড়ে যায়।
আশরাফ ফকিরের দাবি, আগুনে পিকআপভ্যানটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে তার প্রায় ১০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।
এ বিষয়ে পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।



















