
বারহাট্টার অতিথপুর রেল স্টেশনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৬, ০২:৪৩ অপরাহ্ণ

নেত্রকোনার বারহাট্টা উপজেলার বন্ধ থাকা অতিথপুর রেলস্টেশনের প্ল্যাটফর্মে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) দিবাগত রাত ১১টা থেকে ১২টার মধ্যে এ ঘটনা ঘটে। আগুন দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি প্রকাশ্যে আসে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে দুষ্কৃতকারীরা স্টেশনের প্ল্যাটফর্ম চত্বর ও কয়েকটি পিলারে তরল দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেয় এবং সেটির ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। ভিডিওতে এক যুবককে আগুন ধরাতে এবং প্ল্যাটফর্মের নিচে আরেক যুবককে অবস্থান করতে দেখা যায়। আগুন লাগানোর পরপরই তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরিত্যক্ত স্টেশনটির পিলারে পেট্রোলমিশ্রিত চটের বস্তা এবং প্ল্যাটফর্মে আগুনের ছাই পাওয়া গেছে। তবে পিলারগুলো লোহার তৈরি হওয়ায় কাঠামোগত কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনের ম্যানেজার জহিরুল ইসলাম জানান, স্টেশনটিতে বড় কোনো ক্ষতি না হওয়ায় ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি এবং রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে। উল্লেখ্য, এর আগেও বারহাট্টার পাটলী এলাকায় রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছিল।




















