শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

logo

বারহাট্টায় বিএনপির কার্যালয়ে আগুন

reporter

প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৬, ০২:৩৪ অপরাহ্ণ


বারহাট্টায় বিএনপির কার্যালয়ে আগুন

নেত্রকোনার বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কার্যালয়টির পাশাপাশি পাশে থাকা একটি লাকড়ির দোকানও পুড়ে গেছে।

বুধবার (১৮ নভেম্বর ২০২৬) ভোররাত তিনটার দিকে উপজেলার চিরাম ইউনিয়নের বামনগাঁও বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোররাতের দিকে দুর্বৃত্তরা বামনগাঁও বাজারে অবস্থিত চিরাম ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে কার্যালয়টি ও পাশের একটি লাকড়ির দোকান ভস্মীভূত হয়।

এদিকে মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় আগুন সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছিল বারহাট্টা উপজেলা বিএনপি। মিছিলের পরপরই গভীর রাতে ইউনিয়ন কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বারহাট্টা উপজেলা বিএনপির সভাপতি মোস্তাক আহমেদ ক্ষোভ প্রকাশ করে বলেন, রাতের আঁধারে ফ্যাসিস্টরা চিরাম ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছে। উপজেলা বিএনপি ঐক্যবদ্ধভাবে এ ধরনের নাশকতা প্রতিহত করবে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তৃণমূল নেতা-কর্মীরা।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম জানান, রাত তিনটার দিকে কার্যালয়ে আগুন দেওয়ার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসকে সঙ্গে নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এমএসএম / এমএসএম

Link Copied