
৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
প্রকাশিত: ১৪ নভেম্বর, ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ণ

চরম অভাব-অনটন ও স্বামীর অবহেলার কারণে মাত্র ৩০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়া ১৫ মাস বয়সী এক শিশুপুত্রকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) তাৎক্ষণিক হস্তক্ষেপে উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনে উভয়পক্ষকে হাজির করে শিশুটিকে উদ্ধার করা হয়। এর আগে গত বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বারইখালী গ্রামে এই শিশু বিক্রির ঘটনা ঘটে।অভিযুক্ত শিশুর মা অনিকা আক্তার মোরেলগঞ্জ উপজেলার বারুইখালী গ্রামের পলাশ শেখের মেয়ে। প্রায় দুই বছর আগে চট্টগ্রামে হাসান চৌধুরী নামের এক যুবকের সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের সংসারে আল আমিন নামের এক পুত্রসন্তান জন্ম নেয়, যার বর্তমান বয়স এক বছর তিন মাস।মা অনিকা আক্তার দাবি করেন, বিয়ের পর থেকে স্বামী হাসান চৌধুরী তাঁদের কোনো খোঁজখবর রাখতেন না। ফলে তীব্র আর্থিক সংকট ও অভাব-অনটনের পাশাপাশি তিনি নিজে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। চরম অসহায়ত্ব ও চিকিৎসার খরচের কথা চিন্তা করে তিনি নিজের শিশুসন্তানকে ৩০ হাজার টাকার বিনিময়ে অন্যের হাতে তুলে দিতে বাধ্য হন।শিশুটিকে বাগেরহাটের মোংলা উপজেলার বাসিন্দা শহিদুলের স্ত্রী নূরজাহান বেগম কিনে নিয়েছিলেন।এ বিষয়ে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাবিবুল্লাহ জানান, খবর পেয়ে শিশুটিকে দ্রুত উদ্ধার করা হয়েছে। আইনগতভাবে এভাবে কোনো শিশুকে বিক্রি করার কোনো সুযোগ নেই। আপাতত প্রশাসনিকভাবে আর্থিক সহায়তা এবং শিশুটির মায়ের চিকিৎসার খরচ প্রদান করে শিশুটিকে তার মায়ের জিম্মায় দেওয়া হচ্ছে। পরবর্তীতে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে শিশুটিকে দত্তক বা হস্তান্তরের বিষয়ে যথাযথ নিয়ম যাচাই-বাছাই করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।




















