
বড়দিয়ায় দীর্ঘদিন পর ঐতিহ্যবাহী নৌকা বাইচ, নবগঙ্গার দুই পাড়ে মানুষের ঢল
প্রকাশিত: ৭ নভেম্বর, ২০২৬, ০৯:৫০ অপরাহ্ণ

নড়াইলের কালিয়া উপজেলার ঐতিহ্যবাহী বড়দিয়ায় লক্ষ্মীপূজার মেলা উপলক্ষে গ্রামবাংলার লোকসংস্কৃতির অন্যতম আকর্ষণ ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। ৬ নভেম্বর (শুক্রবার) বিকেল ৪ টায় বড়দিয়া মহাজন সংলগ্ন নবগঙ্গা নদীতে এ নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও এ নৌকা বাইচের আয়োজন করায় উৎসবমুখর হয়ে ওঠে পুরো এলাকা। প্রতিযোগিতা দেখতে নবগঙ্গা নদীর দুই পাড়ে ভিড় করেন হাজারো দর্শনার্থী।
বড়দিয়া বাজার বণিক সমিতি ও মেলা কমিটির উদ্যোগে বিকেল ৪টায় নবগঙ্গা নদীতে এ নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। এতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে আসা দর্শনার্থীদের পাশাপাশি দূরদূরান্তের মানুষও অংশ নেন। নৌকা বাইচকে ঘিরে নদীর দুই তীরে সৃষ্টি হয় উৎসবের আমেজ। মহাজন ও বড়দিয়া এলাকার মাঝ দিয়ে বয়ে যাওয়া নবগঙ্গা নদীর দুই পাড়ে নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী মানুষের উপচে পড়া ভিড় দেখা যায়।
নদীর বুকে সারিবদ্ধ নৌকার প্রতিযোগিতা এবং মাঝিদের ছন্দময় বৈঠার টানে দর্শনার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। দীর্ঘদিন পর এমন আয়োজন ফিরে আসায় স্থানীয়দের মধ্যেও ছিল বাড়তি আনন্দ। অনেকেই পরিবার-পরিজন নিয়ে এ ঐতিহ্যবাহী আয়োজন উপভোগ করতে আসেন।
নৌকা বাইচ উপভোগ করতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের জাতীয় সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম। এ সময় আরও উপস্থিত ছিলেন বড়দিয়া বাজার বণিক সমিতি ও মেলা কমিটির আহ্বায়ক খান মতিয়ার রহমান, উপজেলা বিএনপির সহসভাপতি বিশ্বাস আসজাদুর রহমান মিটু, ৬ নম্বর খাশিয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএম বরকতুল্লাহসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মেলা কমিটির সদস্যরা।
স্থানীয়দের মতে, নৌকা বাইচ শুধু একটি প্রতিযোগিতা নয়, এটি গ্রামবাংলার ঐতিহ্য, সংস্কৃতি ও সম্প্রীতির গুরুত্বপূর্ণ অংশ। এ ধরনের আয়োজন নিয়মিত হলে নতুন প্রজন্মের কাছে হারিয়ে যেতে বসা লোকজ ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি স্থানীয় মানুষের মধ্যে সামাজিক বন্ধন আরও দৃঢ় হবে।




















