
দোকান বাঁচাতে সরকারি ব্রিজের গার্ডার ভাঙলেন আ.লীগ নেতা আলমগীর
প্রকাশিত: ৭ নভেম্বর, ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ণ

সরকারি অবকাঠামো ধ্বংস করে খাস জমিতে তোলা অবৈধ দোকান সচল ও দখলদারি টিকিয়ে রাখতে কুমিল্লার মনোহরগঞ্জে এক সরকারি পাকা সেতুর গার্ডার ভেঙে ফেলার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তি কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের স্থানীয় নেতা ও মনোহরগঞ্জ উপজেলার বাইশগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আলমগীর হোসেন। দিনের আলোতে একটি ব্যস্ত সড়কের ব্রিজের গার্ডার হাতুড়ি-শাবল দিয়ে ভেঙে ফেলায় পুরো সেতুটি এখন ধসে পড়ার চরম ঝুঁকিতে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নাথেরপেটুয়া-হাসনাবাদ সড়কের বাইশগাঁও বাজার সেতুটি অত্র এলাকার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি যোগাযোগ মাধ্যম। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ব্রিজটি নির্মাণের সময় চেয়ারম্যান আলমগীর হোসেন প্রভাব খাটিয়ে ব্রিজের দুই পাশে সরকারি খাল ও খাস জমি দখল করে অবৈধভাবে ৬ থেকে ৮টি পাকা দোকানঘর নির্মাণ করেন। সম্প্রতি এসব অবৈধ স্থাপনার ওপর প্রশাসনের নজরদারি বৃদ্ধি এবং উচ্ছেদ অভিযানের আশঙ্কায় নিজের দখলে রাখা দোকানগুলোর চলাচলের পথ সুগম রাখতে অভিনব এক অপকর্মের আশ্রয় নেন তিনি। ব্রিজের কারণে দোকানে চলাচলে কিছুটা অসুবিধা হওয়ায় তিনি দলবল নিয়ে দিনের আলোতেই ব্রিজের অন্যতম প্রধান ভারবহনকারী অবকাঠামো ‘গার্ডার’ ভেঙে দেন।
ব্রিজের গুরুত্বপূর্ণ অংশ কেটে ও ভেঙে ফেলায় বর্তমানে পুরো কাঠামোটি মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়েছে। ভারী যানবাহন তো দূরের কথা, সাধারণ যান চলাচলেও তীব্র ঝাঁকুনি সৃষ্টি হচ্ছে। যেকোনো মুহূর্তে ব্যস্ততম সেতুটি ধসে পড়ে প্রাণহানি ও বড় ধরনের সড়ক দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী। প্রকাশ্যে এমন ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালানোয় ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা অবিলম্বে অভিযুক্ত সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেনকে গ্রেপ্তার এবং ক্ষতিগ্রস্ত ব্রিজটি জরুরি ভিত্তিতে সংস্কারের দাবি জানিয়েছেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. আলমগীর হোসেন ব্রিজ ভাঙার বিষয়টি অকপটে স্বীকার করে বলেন, ‘ব্রিজের পাশের দোকানগুলোর অবস্থানের কারণে ক্রেতা ও দোকানদারদের যাতায়াতে কিছুটা অসুবিধা হচ্ছিল। তাঁদের সুবিধার কথা বিবেচনা করেই গার্ডারের ওই অংশটি সরানো হয়েছে। এ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে কথা হয়েছে, নিজ দায়িত্বে খুব দ্রুতই ভাঙা অংশ মেরামত করে দেওয়া হবে।’
এ বিষয়ে মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত জাহান ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বাইশগাঁও বাজারে ব্রিজের গার্ডার অবৈধভাবে ভেঙে ফেলার সুস্পষ্ট অভিযোগে সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেনকে ইতোমধ্যে কার্যালয়ে তলব করা হয়েছে। জনস্বার্থে ক্ষতিগ্রস্ত ব্রিজটি অবিলম্বে তাঁর নিজ খরচে আগের মতো টেকসইভাবে মেরামত করে দেওয়ার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।’
ইউএনও আরও জানান, সরকারি সম্পদে আঘাত হানা ও জাতীয় অবকাঠামো ধ্বংস করা দণ্ডনীয় ও ফৌজদারি অপরাধ। এ ঘটনায় কোনো ছাড় দেওয়া হবে না। অভিযুক্তের বিরুদ্ধে নিয়মিত মামলাসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা প্রকৌশলীকে (এলজিইডি) লিখিত নির্দেশ দেওয়া হয়েছে।




















