শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

logo

বারহাট্টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

reporter

প্রকাশিত: ৭ নভেম্বর, ২০২৬, ০৯:৩২ অপরাহ্ণ


বারহাট্টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে নেত্রকোনার বারহাট্টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর ২০২৬) উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিনা আক্তার।

সভায় ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট, গুরুত্ব ও জাতীয় সংহতির তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) সাজেদুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মোস্তাক আহমেদ, সাধারণ সম্পাদক আশিক আহমেদ কমল, বীর মুক্তিযোদ্ধা রহমত আলী তালুকদার, বারহাট্টা প্রেসক্লাবের সভাপতি শামস্ উদ্দিন আহমেদ বাবুল, সাবেক উপজেলা চেয়ারম্যান মানিক আজাদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, বারহাট্টা থানার পরিদর্শক (তদন্ত) শফিকুজ্জামান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হক ফারুক এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তরিকুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লবের মধ্য দিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষিত হয়েছিল এবং বহুদলীয় গণতন্ত্রের পথ উন্মুক্ত হয়েছিল। জাতীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে এই দিবসের চেতনা ও ঐক্য বজায় রাখা অত্যন্ত জরুরি।

আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার ও শুভেচ্ছা উপহার তুলে দেন অতিথিবৃন্দ।

পরবর্তীতে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের সম্মানার্থে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ এবং ঐতিহাসিক ৭ নভেম্বরের পটভূমি নিয়ে স্মৃতিচারণমূলক বক্তব্য দেন। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


Link Copied