শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

logo

থানায় লিখিত অভিযোগ

নড়াইলে এক পা হারানো প্রতিবন্ধীর পৈতৃক জমি দখলচেষ্টা ও গাছ কাটার অভিযোগ

reporter

প্রকাশিত: ৬ নভেম্বর, ২০২৬, ১১:৫৯ অপরাহ্ণ


নড়াইলে এক পা হারানো প্রতিবন্ধীর পৈতৃক জমি দখলচেষ্টা ও গাছ কাটার অভিযোগ

নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের বালিয়াডাঙ্গা এলাকায় এক পা হারানো শারীরিক প্রতিবন্ধী ব্যক্তির পৈতৃক জমি জোরপূর্বক দখলের চেষ্টা, রাতের আঁধারে বিভিন্ন প্রজাতির গাছপালা কেটে ধ্বংসসাধন ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় একটি চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিকার চেয়ে নড়াইল সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী প্রতিবন্ধী মো. হাবিবুর রহমান (৫০)।

থানায় দায়ের করা লিখিত অভিযোগে একই এলাকার মো. কামাল মোল্যা, মো. মাহমুদ মোল্যা, মো. রুহুল সিকদার ও মো. শাহিন সিকদারসহ অজ্ঞাতনামা আরও ৬-৭ জনকে অভিযুক্ত করা হয়েছে।

অভিযোগে হাবিবুর রহমান উল্লেখ করেন, বালিয়াডাঙ্গা মৌজার ১৭৬ নম্বর মৌজা, ২১৯ নম্বর খতিয়ান এবং ৫১১ নম্বর দাগের ২০ শতক জমি প্রায় একশত বছর ধরে তাঁদের পরিবার পৈতৃক সূত্রে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছে। কিন্তু সম্প্রতি অভিযুক্তরা ওই জমি জবরদখলের অসৎ উদ্দেশ্যে বিভিন্ন সময়ে তাঁকে ও তাঁর পরিবারকে ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দিয়ে আসছিল।

লিখিত অভিযোগে আরও প্রকাশ, গত বুধবার (৪ নভেম্বর ২০২৬) রাত আনুমানিক ৮টার দিকে অভিযুক্তরা দলবল নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে রাতের অন্ধকারে ওই জমিতে অনুপ্রবেশ করে। এ সময় জমিতে রোপণ করা বেশ কিছু মূল্যবান রেডি গাছসহ বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছ কেটে সাবাড় করে এবং বাঁশঝাড়ের ব্যাপক ক্ষতিসাধন করে। ভুক্তভোগী পরিবার বাধা দেওয়ার চেষ্টা করলে তাঁদের ওপর চড়াও হয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ ও অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চালানো হয়। শারীরিকভাবে প্রতিবন্ধী ও অসহায় হওয়ায় ভুক্তভোগী হাবিবুর রহমান প্রশাসনকে সরেজমিন তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অন্যতম অভিযুক্ত কামাল মোল্যা গাছ কাটা ও দখলের বিষয়টি অস্বীকার করে বলেন, হাবিবুর রহমান ও তাঁর পরিবারের পক্ষ থেকে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।

এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার জানান, পৈতৃক জমি দখলচেষ্টা ও গাছ কেটে ক্ষতিসাধনের বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করছে। তদন্তের সত্যতা নিশ্চিত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


Link Copied