
উলিপুরে শীতকালীন আগাম সবজিতে জমজমাট বাজার: স্বস্তির দামে খুশি ক্রেতা-বিক্রেতা
প্রকাশিত: ৫ নভেম্বর, ২০২৬, ০৯:৫১ অপরাহ্ণ

কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে স্থানীয় হাটবাজারগুলোতে উঠতে শুরু করেছে শীতকালীন আগাম ও টাটকা শাকসবজি। পর্যাপ্ত সরবরাহ থাকায় শাকসবজির দাম সাধারণ ক্রেতাদের নাগালের মধ্যে চলে এসেছে। একই সঙ্গে ভালো ফলন ও উপযুক্ত দাম পেয়ে সন্তোষ প্রকাশ করছেন প্রান্তিক কৃষকরাও।
উপজেলার উলিপুর পৌর বাজারসহ বিভিন্ন গ্রামীণ হাট ঘুরে দেখা যায়, শীতের টাটকা সবজিতে ভরপুর পুরো কাঁচাবাজার। বর্তমানে বাজারে প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে মাত্র ১০ টাকায়। এছাড়া প্রতি কেজি বেগুন ১০ থেকে ২০ টাকা, মুলা ১০ থেকে ২০ টাকা, ফুলকপি ৪০ টাকা, বাঁধাকপি ৩০ টাকা, শিম ৪০ থেকে ৫০ টাকা, পটল ৩০ টাকা, কাঁচামরিচ ৩০ থেকে ৪০ টাকা, পেঁয়াজ ৪০ টাকা এবং মিষ্টি কুমড়া ৩৫ টাকা দরে বিক্রি হচ্ছে।
বাজারের কাঁচামাল ব্যবসায়ী ছক্কু মিয়া ও আশরাফুল ইসলাম জানান, শীতের আগাম সবজির পর্যাপ্ত জোগান থাকায় দাম বেশ কম। ক্রেতারা স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারছেন এবং বিক্রি ভালো হওয়ায় ব্যবসায়ীরাও সন্তুষ্ট।
জানা গেছে, উপজেলার তিস্তা ও ব্রহ্মপুত্র নদের অববাহিকাসহ গুনাইগাছ ইউনিয়নের সাতদরগা, পান্ডুল, তবকপুর, বজরা, হাতিয়া, বুড়াবুড়ী, দুর্গাপুর ও বেগমগঞ্জ ইউনিয়নের চরাঞ্চল ও উর্বর জমিতে ব্যাপক হারে শীতকালীন শাকসবজির চাষাবাদ হয়েছে। অনুকূল আবহাওয়ায় আগাম চাষে ভালো ফলন পাওয়ায় কৃষকদের মুখে এখন আনন্দের হাসি।
এ বিষয়ে উলিপুর উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, শীতকালীন আগাম শাকসবজির উৎপাদন বেশ ভালো হয়েছে। কৃষকরা মাঠ থেকে সরাসরি টাটকা পণ্য তুলে লাভজনক দামে বিক্রি করতে পারছেন, অন্যদিকে বাজারে ক্রেতারাও কম দামে সতেজ সবজি কিনতে পেরে স্বস্তি পাচ্ছেন।




















