
ওসমানীনগরে প্রেমিকার বাবার ছুরিকাঘাতে যুবক নিহত: মহাসড়ক অবরোধ
প্রকাশিত: ৩ নভেম্বর, ২০২৬, ১১:৫৩ অপরাহ্ণ

সিলেটের ওসমানীনগরে প্রেমের সম্পর্ক পারিবারিকভাবে মেনে না নেওয়ার জেরে প্রেমিকার বাবার উপুর্যপুরি ছুরিকাঘাতে মো. সাইফুর রহমান (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত প্রেমিকার বাবা সেজু মিয়া (৩৭) এলাকা ছেড়ে গা-ঢাকা দিয়েছেন।
নিহত মো. সাইফুর রহমান ওসমানীনগর উপজেলার সাদীপুর ইউনিয়নের সৈয়দপুর গ্রামের মো. করম উদ্দিনের ছেলে। অভিযুক্ত সেজু মিয়া পার্শ্ববর্তী বালাগঞ্জ উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের মোস্তফাপুর গ্রামের মৃত মানিক মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় চার মাস আগে সাইফুর রহমানের সাথে সেজু মিয়ার মেয়ের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তবে পারিবারিক সম্পর্কের দিক থেকে তারা দূর সম্পর্কের চাচা-ভাতিজি হওয়ায় বিষয়টি উভয় পরিবার ও সমাজ মেনে নিতে অস্বীকৃতি জানায়। এ নিয়ে উভয় পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে চরম অসন্তোষ ও দ্বন্দ্ব চলছিল।
এরই জেরে সোমবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে সৈয়দপুর পালপাড়া এলাকার একটি দোকানের পাশে সাইফুরকে একা পেয়ে তাঁর ওপর অতর্কিত হামলা চালানো হয়। এ সময় ধারালো ছুরি দিয়ে সাইফুরের বুকে ও পেটে এলোপাতাড়ি আঘাত করা হলে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে গুরুতর আহত সাইফুরকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এদিকে হত্যাকাণ্ডের খবর রাতেই এলাকায় ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন। এতে গুরুত্বপূর্ণ ওই মহাসড়কে প্রায় এক ঘণ্টা সব ধরনের যান চলাচল বন্ধ থাকে এবং তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে ওসমানীনগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সুষ্ঠু তদন্ত ও ঘাতককে দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিলে স্থানীয়রা অবরোধ তুলে নেন এবং যান চলাচল স্বাভাবিক হয়। পুলিশ নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে এবং পলাতক অভিযুক্ত সেজু মিয়াকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।




















