
নেত্রকোনা জেলা জিসাসের সাধারণ সম্পাদক হলেন বারহাট্টার আনোয়ার হোসেন সুমন
প্রকাশিত: ৩ নভেম্বর, ২০২৬, ০৯:১৬ অপরাহ্ণ

ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর নেত্রকোনা জেলা শাখার নবগঠিত কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন বারহাট্টা উপজেলার ছালিপুরা গ্রামের সন্তান মো. আনোয়ার হোসেন সুমন। দীর্ঘদিন জাতীয়তাবাদী ছাত্ররাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থাকা সুমন জেলা পর্যায়ে এমন গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় বারহাট্টা উপজেলা নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দ বিরাজ করছে।
জিসাস কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক সাংগঠনিক বিজ্ঞপ্তিতে গত ৩০ অক্টোবর ২০২৬ তারিখে ১৭ সদস্যবিশিষ্ট নেত্রকোনা জেলা আহ্বায়ক/কার্যনির্বাহী কমিটির অনুমোদন দেওয়া হয়। ঘোষিত কমিটির তালিকায় আনোয়ার হোসেন সুমনকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করে তাঁর সাংগঠনিক এলাকা হিসেবে বারহাট্টা উল্লেখ করা হয়েছে।
দায়িত্ব প্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় আনোয়ার হোসেন সুমন বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত জিসাস-এর এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়া আমার জন্য পরম গৌরবের। কোনো একক প্রচেষ্টায় সংগঠন এগিয়ে নেওয়া সম্ভব নয়; সংগঠনকে এক অনন্য উচ্চতায় পৌঁছাতে হলে প্রবীণদের দীর্ঘ অভিজ্ঞতা এবং তরুণদের অদম্য উদ্দীপনার চমৎকার সমন্বয় ঘটাতে হবে। জাতীয়তাবাদী সাংস্কৃতিক চেতনা তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আমি সর্বস্তরের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাজপথে ও সংস্কৃতি অঙ্গনে নিরলস কাজ করে যাব।”
এদিকে বারহাট্টার কৃতী সন্তান মো. আনোয়ার হোসেন সুমন জেলা জিসাসের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।




















