শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

logo

বারহাট্টায় সীমানা বিরোধে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত: আহত স্ত্রী-মেয়ে হাসপাতালে

reporter

প্রকাশিত: ৩ নভেম্বর, ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ণ


বারহাট্টায় সীমানা বিরোধে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত: আহত স্ত্রী-মেয়ে হাসপাতালে

নেত্রকোনার বারহাট্টায় পৈতৃক বাড়ির সীমানা নির্ধারণ ও দেয়াল নির্মাণকে কেন্দ্র করে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই সাইকুল ইসলাম (৩৫) নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাবাকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন নিহতের স্ত্রী ও মেয়ে। তাঁরা বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (২ নভেম্বর ২০২৬) বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাইকুল ইসলামের মৃত্যু হয়। এর আগে গত রবিবার বিকেলে উপজেলার সিংধা ইউনিয়নের চন্দ্রপুর গ্রামে এ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত সাইকুল ইসলাম ওই গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে। ঘটনায় অভিযুক্ত ব্যক্তি তাঁর আপন বড় ভাই সাইদুর রহমান। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ছয় ভাইয়ের মধ্যে সাইকুল একাই গ্রামের পৈতৃক ভিটায় বসবাস করতেন। অন্য ভাইদের মধ্যে তিনজন ঢাকায়, একজন প্রবাসে এবং অপরজন বারহাট্টা শহরে থাকেন। কয়েক দিন আগে ঢাকায় বসবাসকারী বড় ভাই সাইদুর রহমান স্ত্রী ও সন্তান সিয়ামকে নিয়ে গ্রামের বাড়িতে আসেন এবং সীমানা নির্ধারণ করে সীমানাপ্রাচীর নির্মাণের উদ্যোগ নেন। এ নিয়ে ছোট ভাই সাইকুলের সঙ্গে বিরোধ ও কথা-কাটাকাটি শুরু হয়।

একপর্যায়ে সাইদুর রহমান তাঁর স্ত্রী ও ছেলেকে নিয়ে লাঠিসোঁটা সহকারে অতর্কিতভাবে ছোট ভাইয়ের ওপর হামলা চালান। এ সময় লাঠির উপর্যুপরি আঘাতে সাইকুলের মাথায় গুরুতর জখম হয়। বাবাকে বাঁচাতে মেয়ে সূচনা ও স্ত্রী এগিয়ে এলে তাঁদের ওপরও হামলা চালানো হয়; এতে মেয়ে সূচনার হাত ভেঙে যায় এবং স্ত্রীর মাথায় আঘাত লাগে।

চিৎকার শুনে প্রতিবেশীরা রক্তাক্ত অবস্থায় সাইকুলকে উদ্ধার করে প্রথমে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকেলে তাঁর মৃত্যু হয়। ঘটনার পরপরই অভিযুক্ত সাইদুর রহমান ও তাঁর পরিবারের সদস্যরা এলাকা ছেড়ে পালিয়ে যান।

স্থানীয় সিংধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসিম তালুকদার জানান, সীমানা বিরোধের জেরে দুই ভাইয়ের মারামারির ঘটনায় একজনের প্রাণহানি অত্যন্ত মর্মান্তিক ও বেদনাদায়ক। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্থানীয় এলাকাবাসী।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম জানান, হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় নিহতের স্ত্রী সুরাইয়া আক্তার বাদী হয়ে ভাসুর সাইদুর রহমান, তাঁর স্ত্রী ও ছেলেকে আসামি করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের জোর অভিযান অব্যাহত রয়েছে।


Link Copied