
মান্দায় নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
প্রকাশিত: ২ নভেম্বর, ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ণ

নওগাঁর মান্দা উপজেলার নূরুল্ল্যাবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কারিগরি কলেজের নতুন একাডেমিক ভবন নির্মাণকাজের শুভ ভিত্তিপ্রস্তর স্থাপন সম্পন্ন হয়েছে।
আজ সোমবার (২ নভেম্বর ২০২৬) সকালে এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভা ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ সচিবালয়ের অডিট অ্যান্ড অ্যাকাউন্ট অফিসার জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নামফলক উন্মোচনের মাধ্যমে নতুন ভবনের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারি টিপু।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক মুকুল ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থী এবং এলাকার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে ডা. ইকরামুল বারি টিপু বলেন, গ্রামীণ জনপদের শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষার আলোয় আলোকিত করতে আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান ও উন্নত অবকাঠামোর কোনো বিকল্প নেই। বক্তারা এলাকার শিক্ষাব্যবস্থার মানোন্নয়নে সরকারের চলমান উন্নয়ন কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং নতুন চারতলা একাডেমিক ভবন নির্মাণের ফলে শিক্ষার্থীদের পাঠদানের উপযুক্ত পরিবেশ সৃষ্টি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।




















