রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

logo

সেন্টমার্টিন সংলগ্ন গভীর সমুদ্রে বোটসহ ১০ হাজার কেজি ইউরিয়া সার জব্দ: আটক ৯

reporter

প্রকাশিত: ১ নভেম্বর, ২০২৬, ১১:৪০ অপরাহ্ণ


সেন্টমার্টিন সংলগ্ন গভীর সমুদ্রে বোটসহ ১০ হাজার কেজি ইউরিয়া সার জব্দ: আটক ৯

কক্সবাজারের টেকনাফে সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পূর্ব গভীর সমুদ্র এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ১০ হাজার কেজি ইউরিয়া সারসহ ৯ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় সার পাচারে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত বোটও জব্দ করা হয়।

রবিবার (১ নভেম্বর ২০২৬) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, রবিবার রাত আনুমানিক ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পূর্ব গভীর সমুদ্র এলাকায় ‘অপারেশন সার সুরক্ষা’য় নিয়োজিত কোস্ট গার্ডের একটি আভিযানিক জাহাজ বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে গভীর সাগরে একটি সন্দেহভাজন বোটের গতিবিধি লক্ষ্য করে কোস্ট গার্ড সদস্যরা সেটিকে থামার সংকেত দেন। তবে বোটটি নির্দেশ অমান্য করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে কোস্ট গার্ড সদস্যরা ধাওয়া করে সমুদ্রের মধ্যভাগ থেকে বোটটি নিয়ন্ত্রণে নিতে সক্ষম হন।

পরে বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া বস্তাভর্তি ১০ হাজার কেজি (১০ টন) ইউরিয়া সার উদ্ধার করা হয়। এ সময় পাচারকাজে জড়িত ৯ জনকে আটক এবং সার পরিবহনে ব্যবহৃত বোটটি জব্দ করা হয়। উদ্ধারকৃত সারের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে কোস্ট গার্ড।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, জব্দকৃত রাসায়নিক সার ও বোটসহ আটক পাচারকারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের ও পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। দেশের সমুদ্রসীমা দিয়ে যে কোনো ধরনের চোরাচালান প্রতিরোধ ও জাতীয় সম্পদ সুরক্ষায় কোস্ট গার্ডের এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।


Link Copied