
উলিপুরে ৮১ পিস ইয়াবাসহ জাহাঙ্গীর আলম আটক
প্রকাশিত: ১ নভেম্বর, ২০২৬, ১০:১১ অপরাহ্ণ

কুড়িগ্রামের উলিপুরে ৮১ পিস ইয়াবাসহ জাহাঙ্গীর আলম (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ৩১ অক্টোবর শনিবার বিকেলে উলিপুর পৌরসভার পানি উন্নয়ন বোর্ডের অফিস থেকে রেলস্টেশনগামী সড়কের তিন রাস্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এ সময় জাহাঙ্গীর আলমকে আটক করা সম্ভব হলেও অপর ব্যক্তি পালিয়ে যান। পরে তাঁর দেহ তল্লাশি করে পরিহিত প্যান্টের ডান পকেট থেকে একটি প্লাস্টিকের কৌটায় কালো টেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৮১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার ওজন ৮ দশমিক ০১ গ্রাম। এ সময় তাঁর কাছ থেকে ৩ হাজার ৫০০ টাকাও জব্দ করা হয়।
গ্রেপ্তার জাহাঙ্গীর আলম উলিপুর পৌরসভার জোনাইডাঙ্গা এলাকার নূর ইসলামের ছেলে। পলাতক অপর ব্যক্তি একই উপজেলার দক্ষিণ মধুপুর মধ্যপাড়া এলাকার মৃত কাচু মুন্সির ছেলে আতাউর রহমান আতা (৫৮)।
উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কমল কিশোর ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রোববার (১ নভেম্বর) দুপুরে গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।




















