শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

logo

চার মাসের পরিশ্রমে লাখ টাকা আয়ের স্বপ্ন

মনোহরগঞ্জে শীতের আগমনে শুরু হয়েছে খেজুরের রস সংগ্রহের প্রস্তুতি

reporter

প্রকাশিত: ১ নভেম্বর, ২০২৬, ০৭:৩০ অপরাহ্ণ


মনোহরগঞ্জে শীতের আগমনে শুরু হয়েছে খেজুরের রস সংগ্রহের প্রস্তুতি

ভোরের ঘাসে শিশিরবিন্দু, মেঠোপথে হালকা কুয়াশার চাদর আর বাতাসে হিমেল পরশ—সব মিলিয়ে কুমিল্লার মনোহরগঞ্জে হাজির হয়েছে শীতের চিরচেনা আবহ। আর ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গেই গ্রামীণ জনপদে শুরু হয়ে গেছে সুস্বাদু খেজুরের রস সংগ্রহের তোড়জোড়। কোমরে দড়ি আর কাঁধে ধারালো দা নিয়ে এখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাছে গাছে ব্যস্ত সময় পার করছেন স্থানীয় গাছিরা।

উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা যায়, বাড়ির আঙিনা, পুকুরপাড়, ফসলি জমির আইল ও গ্রামীণ সড়কের দুপাশে থাকা খেজুরগাছগুলো রস সংগ্রহের উপযোগী করে তোলার কাজ চলছে। গাছিরা গাছের পুরোনো শুকনো ডালপালা কেটে পরিষ্কার করছেন এবং নিপুণ হাতে গাছের উপরিভাগের শক্ত বাকল চেঁছে নরম শাঁস বের করছেন, যা স্থানীয় ভাষায় ‘গাছ তোলা’ বা ‘গাছ চাঁছা’ নামে পরিচিত। গাছ প্রস্তুতের পর দুপুরের পর থেকে মাটির ভাঁড় বা হাঁড়ি ঝুলিয়ে দেওয়ার কাজ শুরু হয়ে চলে সন্ধ্যা অবধি। গাছিদের ধারণা, আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই পুরোদমে শুরু হবে মিষ্টি রস আহরণ। রাতভর ফোঁটা ফোঁটা রসে ভরে ওঠা মাটির কলস নিয়ে ভোরে বাড়ি ফিরবেন গাছিরা, আর উঠানে রস জ্বালিয়ে তৈরি হবে সুস্বাদু গুড় ও পাটালি।

মনোহরগঞ্জের কৃষকদের কাছে শীত মৌসুমের এই চার মাস এখন নিছক ঐতিহ্যের বাইরেও একটি লাভজনক বিকল্প আয়ের পথ হিসেবে দেখা দিচ্ছে। কৃষিকাজে সার, সেচ ও শ্রমিকের খরচ বেড়ে যাওয়ায় অনেকেই খেজুরগাছের পরিচর্যায় ঝুঁকছেন। মৈশাতুয়া ইউনিয়নের গাছি আবুল কালাম জানান, ধান বা সবজি চাষে দিন দিন মুনাফা কমে যাওয়ায় শীতকালে নিজের এবং অন্যের গাছ বর্গা নিয়ে গুড় তৈরি করে ভালো অর্থ উপার্জন করা যায়।

দিকচাঁন্দা গ্রামের গাছি জাহাঙ্গীর আলম জানান, এক কানি জমিতে ধান আবাদে সব খরচ বাদ দিয়ে চার মাসে যে মুনাফা থাকে, শীতের মৌসুমে মাত্র ১০০টি খেজুরগাছ যত্নসহকারে কেটে রস ও গুড় বিক্রি করলে তার চেয়ে বহুগুণ বেশি—প্রায় লাখ টাকা পর্যন্ত নিট লাভ করা সম্ভব। ফলে স্থানীয় গাছি ও প্রান্তিক চাষিরা এ মৌসুমকে অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়ানোর বড় সুযোগ হিসেবে দেখছেন।

রস সংগ্রহকে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত করতে প্রশাসনিক উদ্যোগও নেওয়া হয়েছে। মনোহরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা গোলাম সরোয়ার তুষার জানান, নিপাহ ভাইরাসসহ যেকোনো জীবাণুর সংক্রমণ এড়াতে গাছিদের নিয়ে উঠান বৈঠকের আয়োজন করা হচ্ছে। বিশেষ করে মাটির হাঁড়ির মুখে নাইলন নেট ব্যবহার করে রস সংগ্রহের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যাতে বাদুড় বা পাখির মাধ্যমে কোনোভাবে রস দূষিত না হয়। নিরাপদ প্রক্রিয়ায় স্বাস্থ্যসম্মত উপায়ে রস ও গুড় উৎপাদন নিশ্চিত করা গেলে মনোহরগঞ্জের খেজুরের গুড়ের বাণিজ্যিক সম্ভাবনা ও সুনাম বহুগুণ বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


Link Copied