
মিরপুরে মোবাইল ফিভার ক্লিনিক উদ্বোধন করলেন ডিএনসিসি প্রশাসক
প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০২৬, ১১:০৭ অপরাহ্ণ

জনগণের অধিকার ও গণতন্ত্র রক্ষায় সব ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি বলেছেন, দেশের মানুষের মৌলিক অধিকার ও নাগরিক সেবা নিশ্চিত করা এবং যেকোনো চক্রান্ত প্রতিহত করে সুশাসন প্রতিষ্ঠা করাই বর্তমান প্রশাসনের অন্যতম লক্ষ্য।
শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে ডেঙ্গু রোগী শনাক্তকরণ ও চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে ‘মোবাইল ফিভার ক্লিনিক’ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে ডিএনসিসি প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা ও নেতৃত্বে দেশ পরিচালনার সফলতা অর্জনে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। দেশের মানুষের মৌলিক অধিকার এবং প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে মাঠপর্যায়ে ডেঙ্গু প্রতিরোধ ও চিকিৎসাসেবা কার্যক্রম অব্যাহত রাখতে হবে।
তিনি বলেন, “আমরা শুধু রাজনৈতিক কর্মী নই, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে গড়ে ওঠা জনসেবক। মানুষের অধিকার প্রতিষ্ঠা ও নাগরিক সেবা নিশ্চিত করাই আমাদের দায়িত্ব।”
নগরবাসীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং ডেঙ্গুসহ মশাবাহিত রোগ মোকাবিলায় ডিএনসিসির মাঠপর্যায়ের কার্যক্রম আরও জোরদার করা হয়েছে উল্লেখ করে প্রশাসক বলেন, সাধারণ মানুষ যাতে সহজে ও দ্রুত চিকিৎসাসেবা পেতে পারেন, সে লক্ষ্যেই মোবাইল ফিভার ক্লিনিক চালু করা হয়েছে। এ কার্যক্রম ডেঙ্গু রোগী শনাক্তকরণ ও প্রাথমিক চিকিৎসাসেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় নগরবাসীর সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, মিরপুর ১০ নম্বরের পাশাপাশি মিরপুর ১ নম্বরের ফুটপাত থেকে অবৈধ স্থাপনা ও দখল উচ্ছেদ করে সাধারণ মানুষের চলাচলের উপযোগী করে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে নগরবাসীর সহযোগিতার কারণেই।
তিনি নগরবাসীকে এ ধরনের জনস্বার্থমূলক কার্যক্রমে পাশে থাকার এবং ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।























