রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

logo

ডেমরায় চোরাই সয়াবিন তেল কেনাবেচার অভিযোগ, সংবাদ ধামাচাপা দিতে ঘুষের প্রস্তাব

reporter

বজলুর রহমান

প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৬, ১২:২১ পূর্বাহ্ণ


ডেমরায় চোরাই সয়াবিন তেল কেনাবেচার অভিযোগ, সংবাদ ধামাচাপা দিতে ঘুষের প্রস্তাব
রাজধানীর ডেমরার মীরপাড়া এলাকার মারিয়া কমিউনিটি সেন্টারের নিচতলায় অবস্থিত ‘বিসমিল্লাহ হোটেল’-এর মালিক মো. মোসলেম উদ্দিনের বিরুদ্ধে চোরাই সয়াবিন তেল কেনাবেচার অভিযোগ উঠেছে। শনিবার (২১ নভেম্বর) বিকেলে তেলভর্তি একটি কন্টেইনার গাড়িসহ (ঢাকা মেট্রো-ঢ ১১-০৪৩৪) তাকে হাতেনাতে আটক করেন স্থানীয় এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, মোসলেম উদ্দিন দীর্ঘদিন ধরে দিন-রাত লাখ লাখ টাকার চোরাই সয়াবিন তেল কিনে আসছেন। এসব তেল তিনি নিজের হোটেলের কাজে ব্যবহারের পাশাপাশি সারুলিয়া পাইকারি বাজারেও বিক্রি করেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে কন্টেইনার গাড়ি থেকে তেল নামানোর সময় এলাকাবাসী গাড়িটি ঘেরাও করেন। খবর পেয়ে ঘটনাস্থলে সাংবাদিকরা উপস্থিত হলে হোটেল মালিক মোসলেম উদ্দিন এবং গাড়ির চালক সংবাদ প্রকাশ না করার শর্তে প্রতিবেদককে টাকা দিয়ে ‘ম্যানেজ’ করার চেষ্টা চালান। এ বিষয়ে জানতে চাইলে কন্টেইনার গাড়ির চালক প্রথমে তেলটিকে ‘সিটি কোম্পানির’ বলে দাবি করেন এবং পরবর্তীতে ‘সিটি মিল’ থেকে আনা হয়েছে বলে জানান। একপর্যায়ে উপস্থিত লোকজনের অগোচরে কৌশলে তিনি গাড়িটি নিয়ে সটকে পড়েন।
অভিযোগের বিষয়ে ‘বিসমিল্লাহ হোটেল’-এর মালিক মো. মোসলেম উদ্দিন চোরাই তেল কেনার বিষয়টি পরোক্ষভাবে স্বীকার করে বলেন, “আগে দৈনিক দুই থেকে তিনটি গাড়ি থেকে তেল কিনতাম, বর্তমানে গাড়ি কম আসে। আপনারা যদি এই বিষয়ে নিউজ না করেন, তবে ভবিষ্যতে আর এসব তেল নেব না।”এদিকে, দিনে-দুপুরে প্রকাশ্যে চোরাই তেল কেনাবেচার বিষয়টি তাৎক্ষণিকভাবে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাইফুর রহমান মির্জাকে তার সরকারি মুঠোফোন নম্বরে কল করে জানানো হয়। তবে অভিযোগ জানানোর পরও ঘটনাস্থলে পুলিশের কোনো দল পাঠানো হয়নি বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। পরবর্তীতে এ বিষয়ে ওসির বক্তব্য জানার জন্য পুনরায় চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।
এমএসএম / এমএসএম

Link Copied