
গোপালগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত: বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
প্রকাশিত: ২৯ অক্টোবর, ২০২৬, ০৬:১৭ অপরাহ্ণ

সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, নিরাপদ যাতায়াত নিশ্চিতকরণ এবং ট্রাফিক আইন সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গোপালগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর ২০২৬) সকাল ১০টায় জেলা প্রশাসন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এবং সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর, গোপালগঞ্জের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির শুরুতে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখ থেকে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি জেলা প্রশাসক চত্বরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এরপর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষ ‘স্বচ্ছতা’য় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান, অতিরিক্ত পুলিশ সুপার কাজী হুমায়ুন রশীদ এবং গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক শরীফ রাফিকুজ্জামান।
আলোচনা সভায় বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনতে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়; চালক, যাত্রী এবং পথচারী—সকলকেই নিজ নিজ অবস্থান থেকে ট্রাফিক আইন মেনে চলতে হবে। বিশেষ করে অতিরিক্ত গতি পরিহার, ওভারটেকিং বন্ধ করা, হেলমেট ও সিটবেল্ট ব্যবহার নিশ্চিত এবং ফুটপাত ব্যবহারে পথচারীদের সচেতন হওয়ার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা। নিরাপদ সড়ক যোগাযোগব্যবস্থা গড়ে তুলতে সংশ্লিষ্ট সব দপ্তর ও নাগরিক সমাজের সম্মিলিত উদ্যোগ জোরদারের আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে বিআরটিএ, সড়ক ও জনপথ বিভাগ এবং জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীসহ পরিবহন খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।




















