
সীমান্তে পাচার ও পাহাড়ে অপরাধ দমনে সেনা চৌকি হচ্ছে: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী
প্রকাশিত: ২৮ অক্টোবর, ২০২৬, ১১:৪২ অপরাহ্ণ

সীমান্তে সার চোরাচালান, পাহাড়কেন্দ্রিক অপহরণ, মাদক ও মানব পাচার রোধে সীমান্তজুড়ে নিরাপত্তা জোরদার করা হচ্ছে এবং এসব অপরাধ দমনে পাহাড়ি এলাকায় দ্রুত সেনা চৌকি স্থাপনের কার্যক্রম চলছে বলে জানিয়েছেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। একই সঙ্গে মামলার কাজে জেলা সদরে গিয়ে সাধারণ মানুষের আর্থিক ও শারীরিক ভোগান্তি লাঘবে আগামী কয়েক মাসের মধ্যে টেকনাফেই আদালতের কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হবে বলে ঘোষণা দেন তিনি।
বুধবার (২৮ অক্টোবর ২০২৬) টেকনাফ পৌরসভার বাসস্টেশন চত্বরে জাতীয়তাবাদী যুবদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেন, টেকনাফ থেকে জেলা সদর কক্সবাজারের দূরত্ব প্রায় ১০০ কিলোমিটার। মামলা-মোকদ্দমার কাজে প্রত্যন্ত অঞ্চল থেকে জেলা শহরে যাতায়াত করতে গিয়ে প্রান্তিক ও অসচ্ছল মানুষদের সীমাহীন দুর্ভোগ ও আর্থিক ক্ষতির শিকার হতে হয়। সাধারণ মানুষের এ দুর্ভোগ লাগবে আগামী কয়েক মাসের মধ্যে টেকনাফে ভ্রাম্যমাণ বা স্থায়ী আদালত বসিয়ে স্থানীয়ভাবে মামলা নিষ্পত্তির বাস্তবসম্মত উদ্যোগ গ্রহণ করা হবে।
সীমান্ত দিয়ে সার পাচারের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, সার পাচারের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। কোনো প্রভাবশালী বা অনুমোদিত সার ডিলার যদি এ চোরাচালানে জড়িত থাকে, তবে তাকেও আইনের আওতায় আনা হবে। সীমান্তে সব ধরনের পাচার ও চোরাচালান বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকার নির্দেশ দেন তিনি। পাহাড়ি এলাকায় সক্রিয় সন্ত্রাসী চক্রের অপহরণ বাণিজ্য, মাদক ও মানব পাচার ঠেকাতে পাহাড়ে নতুন সেনা চৌকি স্থাপন কার্যক্রম এগিয়ে চলছে বলেও জানান তিনি।
উখিয়ার ইনানীতে জ্বালানি গ্যাসের সম্ভাব্য প্রাপ্তির বিষয়ে তিনি বলেন, গভীর নলকূপ খননকালে সেখানে গ্যাসের সন্ধান পাওয়ার জোরালো লক্ষণ দেখা গেছে। কারিগরি পরীক্ষায় এটি নিশ্চিত হলে অদূর ভবিষ্যতে ওই অঞ্চল থেকে বাণিজ্যিকভাবে গ্যাস উত্তোলনের পথ সুগম হবে। রোহিঙ্গা সংকট নিয়ে তিনি উল্লেখ করেন, রোহিঙ্গাদের পূর্ণ নাগরিক অধিকার ও সম্মানের সঙ্গে নিজ দেশ মিয়ানমারে নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে সরকার অত্যন্ত দ্রুতগতিতে কাজ করে যাচ্ছে। এছাড়া নাফ নদীতে স্থানীয় জেলেদের মাছ ধরার উন্মুক্ত সুযোগ সৃষ্টি এবং পরিবেশ বজায় রেখে সেন্টমার্টিনে পর্যটন কার্যক্রম সচল করার বিষয়টি তুলে ধরেন তিনি।
দ্বীপের অর্থনীতি প্রসঙ্গে তিনি বলেন, সেন্টমার্টিনের প্রায় ১০ হাজার মানুষের জীবন-জীবিকা প্রত্যক্ষভাবে পর্যটনের ওপর নির্ভরশীল। পর্যটকদের সুবিধার্থে ও টেকনাফের অর্থনৈতিক কর্মসংস্থান বাড়াতে ভবিষ্যতে টেকনাফ থেকেই সরাসরি সেন্টমার্টিনগামী পর্যটকবাহী জাহাজ চলাচলের পদক্ষেপ নেওয়া হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের জনবান্ধব নীতি তুলে ধরে সংসদ সদস্য বলেন, সরকারপ্রধান অত্যন্ত সাদামাটা জীবনযাপন করে দেশের মানুষের কল্যাণে দিনরাত কাজ করছেন। কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড ও সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিতের মাধ্যমে সাধারণ মানুষের ভাগ্যোন্নয়নে যুগান্তকারী পরিবর্তন আনা হচ্ছে। নিজের কর্মপন্থা সম্পর্কে তিনি বলেন, ‘আমি কথায় নয়, কাজে বিশ্বাসী।’
টেকনাফ উপজেলা যুবদলের সভাপতি আবদুল কাইয়ুমের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি হাসান ছিদ্দিকী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন এবং পৌর বিএনপির সভাপতি আবদুর রাজ্জাকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় বিপুলসংখ্যক নেতাকর্মী।




















