রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

logo

চট্টগ্রামে শুরু হচ্ছে ছয় দিনব্যাপী ফার্নিচার প্রদর্শনী

reporter

প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২৬, ০৪:১৭ অপরাহ্ণ


চট্টগ্রামে শুরু হচ্ছে ছয় দিনব্যাপী ফার্নিচার প্রদর্শনী

চট্টগ্রামে আগামী ১ ডিসেম্বর শুরু হচ্ছে ছয় দিনব্যাপী ১৫তম চট্টগ্রাম ফার্নিচার এক্সিবিশন ২০২৬। দেশীয় ফার্নিচার শিল্পের বিকাশ, বাজার সম্প্রসারণ ও আধুনিক ডিজাইনের আসবাবের সঙ্গে ক্রেতাদের পরিচিত করার লক্ষ্যে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে আয়োজকেরা জানান, ১ থেকে ৬ ডিসেম্বর নগরের জিইসি কনভেনশন সেন্টারে এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতি, চট্টগ্রাম বিভাগের উদ্যোগে এবং চিটাগাং ইভেন্টসের সহযোগিতায় আয়োজনটি অনুষ্ঠিত হচ্ছে।

প্রদর্শনীতে দেশের বিভিন্ন ফার্নিচার প্রস্তুতকারক ও প্রতিষ্ঠান তাদের পণ্য, আধুনিক ডিজাইন ও নতুন প্রযুক্তি উপস্থাপন করবে। এতে হোম ও অফিস ফার্নিচার, বেডরুম ও ডাইনিং ফার্নিচার, সোফা, লিভিং রুমের আসবাব, কিচেন ক্যাবিনেট, মডুলার ফার্নিচার, কাঠ ও মেটালের আসবাব এবং ইন্টেরিয়র ও ডেকোরেশন সামগ্রী থাকবে।

দর্শনার্থীরা একই স্থানে বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্য সরাসরি দেখা, ডিজাইন ও গুণগত মান তুলনা এবং নিজেদের পছন্দ ও বাজেট অনুযায়ী আসবাব নির্বাচন করতে পারবেন। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে বিশেষ মূল্যছাড় ও আকর্ষণীয় অফারও থাকতে পারে।

আয়োজকদের মতে, দেশীয় ফার্নিচার শিল্পের সক্ষমতা ও সম্ভাবনা তুলে ধরা, স্থানীয় উদ্যোক্তাদের উৎসাহিত করা এবং উৎপাদনকারী, ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে সরাসরি যোগাযোগ তৈরি করাই এ প্রদর্শনীর মূল লক্ষ্য। একইসঙ্গে আধুনিক প্রযুক্তি, নকশা ও মানসম্মত পণ্যের সঙ্গে ক্রেতাদের পরিচিত করানো এবং দেশীয় পণ্যের প্রতি আস্থা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতি, চট্টগ্রাম বিভাগের সভাপতি মাকসুদুর রহমান বলেন, ‘আমরা এ প্রদর্শনীর মাধ্যমে দেশীয় ফার্নিচার শিল্পের সক্ষমতা ও সম্ভাবনা তুলে ধরতে চাই। একইসঙ্গে স্থানীয় উদ্যোক্তাদের উৎসাহিত করা, দেশীয় ব্র্যান্ডের পরিচিতি বাড়ানো এবং ক্রেতাদের আধুনিক ডিজাইন ও মানসম্মত আসবাবের সঙ্গে পরিচিত করাই আমাদের লক্ষ্য। এ আয়োজন উৎপাদনকারী ও ক্রেতাদের মধ্যে সরাসরি যোগাযোগ এবং ব্যবসা সম্প্রসারণে ভূমিকা রাখবে বলে আমরা আশা করছি।’

প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ। উদ্বোধক হিসেবে থাকবেন চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি আমির হুমায়ন মাহমুদ চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আমিরুল হক, বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির চেয়ারম্যান সেলিম এইচ রহমান, সিনিয়র ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইলিয়াছ সরকার ও মহাসচিব এ. করিম মজুমদার। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতি, চট্টগ্রাম বিভাগের সভাপতি মাকসুদুর রহমান।

এ ছাড়া সমিতির সাধারণ সম্পাদক সাইফুদ্দিন চৌধুরী দুলাল, প্রদর্শনীর আহ্বায়ক মো. নাসির উদ্দিন, সদস্য সচিব আল মো. ইকবাল এবং চিটাগাং ইভেন্টসের চেয়ারম্যান ফারহানা সাবরিন রিমা, ব্যবস্থাপনা পরিচালক তাসরিনা উদ্দিন ও প্রধান নির্বাহী কর্মকর্তা মনজুরুল ইসলাম রায়হানসহ আয়োজক কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন।

আয়োজকরা জানান, ফার্নিচার শিল্পের সঙ্গে শ্রমিক, কারিগর, ডিজাইনার, উদ্যোক্তা, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী এবং সরবরাহকারী প্রতিষ্ঠান জড়িত। এ শিল্পের সম্প্রসারণ স্থানীয় উৎপাদন, কর্মসংস্থান, দক্ষ জনশক্তি ও সংশ্লিষ্ট ব্যবসার বিকাশে ভূমিকা রাখে। চট্টগ্রামের মতো বাণিজ্যিক শহরে এ ধরনের প্রদর্শনী স্থানীয় শিল্প ও ব্যবসার সম্ভাবনা তুলে ধরার সুযোগ তৈরি করবে।

প্রদর্শনীতে অংশ নিতে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকার ক্রেতা, দর্শনার্থী, ব্যবসায়ী, শিল্পোদ্যোক্তা ও ফার্নিচারপ্রেমীদের আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকরা।

aliul / aliul

Link Copied