বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

logo

সাংবাদিক নেতা নিজাম উদ্দিনকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন

reporter

প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৬, ০৭:১২ অপরাহ্ণ


সাংবাদিক নেতা নিজাম উদ্দিনকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন

গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ড. আবু নাসের চৌধুরীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে চাওয়ায় ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য নিজাম উদ্দিন দরবেশকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সাংবাদিকরা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ‘সাধারণ সাংবাদিক সমাজ’-এর ব্যানারে মোহাম্মদ মাসুদের সঞ্চালনায় এ  মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকের পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে দুর্নীতির অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তার বক্তব্য জানতে চাওয়া হয়েছিল। কিন্তু বক্তব্য দেওয়ার পরিবর্তে সাংবাদিক নেতা নিজাম উদ্দিন দরবেশকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ ধরনের ঘটনা স্বাধীন সাংবাদিকতা, গণমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকদের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি।
মানববন্ধনে বক্তব্য দেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য ফখরুল ইসলাম ও রাজু আহমেদ, জাতীয় প্রেসক্লাবের সদস্য এইচ এম আল আমিন, ডিআরইউ দপ্তর সম্পাদক রাশেদ মোল্লা, বাংলাদেশ সেক্রেটারিয়েট জার্নালিস্ট এসোসিয়েশনের যুগ্মসাধারণ সম্পাদক ও দৈনিক নয়াদিগন্তের সিনিয়র রিপোর্টার মনিরুল ইসলাম রোহান,  স্বাধীন সংবাদ পত্রিকার সম্পাদক আনোয়ার হোসেন আকাশ, ঢাকা মেট্রোপলিটন ক্রাইম রিপোর্টার্স সোসাইটির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শফিক, সিনিয়র সাংবাদিক আমিনুল ইসলাম৷  জিয়াউর রহমান, সোহেল রানা শুভ, এনামুল হক তুহিন, মঈনউদ্দীন স্বপন ও সাজাদ মতিনসহ সাধারণ সাংবাদিক সমাজ ও বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ড. আবু নাসের চৌধুরীর বিরুদ্ধে নৈতিক স্খলন, দুর্নীতি ও অসংখ্য অনিয়মের অভিযোগ রয়েছে। নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির আত্মীয় পরিচয় দিয়ে বিগত বছরগুলোতে তিনি ব্যাপক অনিয়মের মাধ্যমে বিপুল সম্পদ অর্জন করেছেন। বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের নেতা পরিচয়ে তিনি গণপূর্তে দাপট দেখাতেন। সেই লুটপাটের ধারাবাহিকতা বিএনপি সরকারের আমলেও তিনি রাখতে চান। 
তারা বলেন, সাংবাদিকদের কাজ দুর্নীতি, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের তথ্য তুলে ধরা। সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য নেওয়া সাংবাদিকতার নীতিমালা ও পেশাগত দায়িত্বের অংশ। এ দায়িত্ব পালনের কারণে কোনো সাংবাদিককে হত্যার হুমকি দেওয়া হলে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ঘটনায় সাংবাদিকরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হুমকির ঘটনায় তদন্ত কমিটি গঠন, সাংবাদিক নিজাম উদ্দিন দরবেশের নিরাপত্তা নিশ্চিত করা এবং গণপূর্তের দুর্নীতিবাজ কর্মকর্তা আবু নাসেরের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। অন্যথায় সাংবাদিক সমাজ আরো কঠোর কর্মসূচি পালন করবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।

aliul / aliul

Link Copied