
আন্তর্জাতিক ফায়ার, সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপো শুরু
প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ণ

বাংলাদেশের শিল্প ও অবকাঠামো খাতে আন্তর্জাতিক মানসম্পন্ন অগ্নিনিরাপত্তা ও আধুনিক সুরক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘১০ম আন্তর্জাতিক ফায়ার, সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপো ২০২৬’।
ইলেকট্রনিক্স সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইসাব) আয়োজিত এ প্রদর্শনী চলবে আগামী শনিবার (২৮ নভেম্বর) পর্যন্ত। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং এনএফপিএ (ইউএসএ) এর সহযোগিতায় রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই এক্সপো অনুষ্ঠিত হচ্ছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এক্সপোর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা নজরুল ইসলাম খান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরিন জুনায়েদ (এসইউপি) এবং বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসাব প্রেসিডেন্ট স্কোয়াড্রন লিডার এম দিদারুল ইসলাম (অব) । ধন্যবাদ জ্ঞাপন করেন ইসাবের সাধারণ সম্পাদক নাঈম উদ্দিন মাহমুদ।
এক্সপোর প্রথম দিনের বিশেষ আকর্ষণ ছিল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং ইসাব-এর যৌথ উদ্যোগে সরাসরি অগ্নিনির্বাপণ ও উদ্ধার মহড়া। পাশাপাশি ফায়ার সার্ভিসের জাতীয় জরুরি হটলাইন ১০২ সম্পর্কে জনসচেতনতা প্রচারণা এবং এক্সপো প্রাঙ্গণে স্থাপিত বিশেষ বুথের মাধ্যমে সরকারি স্বেচ্ছাসেবক হিসেবে নিবন্ধনের সুযোগ। একই দিন বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে ‘রিনিউয়েবল এনার্জি অ্যান্ড সেফটি, রুফটপ সোলার পিভি, ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেমস (বিইএসএস) অ্যান্ড ইলেকট্রিক্যাল ফায়ার্স ইন বাংলাদেশ’ শীর্ষক বিশেষায়িত কারিগরি সেমিনার অনুষ্ঠিত হয়।
এতে মূল প্রবন্ধ উপস্থাপন ও সঞ্চালনা করেন বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের (আইইবি) ভাইস চেয়ারম্যান ও ইসাব-এর সাবেক পরিচালক প্রকৌশলী মো. আল-এমরান হোসেন। এতে আলোচক হিসেবে ছিলেন বুয়েটের অধ্যাপক ও সহযোগী ডিন প্রকৌশলী ড. মো. ইকবাল হোসেন, বিজিএমইএ পরিচালক নাফিস উদ দৌলা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসান, ইসাব-এর সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি মোহাম্মদ শাহজাহান, কোষাধ্যক্ষ মেজর (অব) মো. আশেক কামাল এবং ইডকলের সহকারী সহ-সভাপতি প্রকৌশলী রিয়াদ বিন শহীদ।
আয়োজকেরা জানান, প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে। এবারের আসরে প্রায় ৩০টি দেশের প্রতিষ্ঠান, প্রযুক্তি সরবরাহকারী ও বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন। এসব দেশের ১২০টির বেশি প্রতিষ্ঠান ১৩টিরও বেশি পণ্য ও সেবা বিভাগে আধুনিক অগ্নিনির্বাপণ সরঞ্জাম, সিসিটিভি, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) নজরদারি ও সাইবার সিকিউরিটি প্রযুক্তি প্রদর্শন করবে। মেলায় ২০ হাজারের বেশি দর্শনার্থীর সমাগম প্রত্যাশা করা হচ্ছে। এবারের এক্সপোতে অগ্নিনির্বাপণ ও অগ্নিনিরাপত্তা প্রযুক্তি, ইলেকট্রনিক নিরাপত্তা-ব্যবস্থা, সিসিটিভি ও নজরদারি প্রযুক্তি, প্রবেশাধিকার নিয়ন্ত্রণ, শিল্পনিরাপত্তা এবং সংশ্লিষ্ট বিভিন্ন আধুনিক পণ্য ও সেবা প্রদর্শিত হচ্ছে। দেশীয় শিল্পপ্রতিষ্ঠান, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট পেশাজীবীরা আন্তর্জাতিক প্রযুক্তি প্রস্তুতকারক, সরবরাহকারী ও বিশেষজ্ঞদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ পাচ্ছেন।
কনভেনিং স্পনসর নাফকোসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই এক্সপো দেশের অগ্নি ও শিল্পনিরাপত্তা নীতিমালা বাস্তবায়ন এবং বাংলাদেশকে নিরাপদ বিনিয়োগ গন্তব্য হিসেবে তুলে ধরতে ভূমিকা রাখবে বলে আশা করছেন আয়োজকেরা।






















