বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

logo

মিয়ানমারের আরাকান আর্মির কাছ থেকে ৭৩ জেলেকে ফিরিয়ে আনল বিজিবি

reporter

প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ণ


মিয়ানমারের আরাকান আর্মির কাছ থেকে ৭৩ জেলেকে ফিরিয়ে আনল বিজিবি

কক্সবাজারের টেকনাফের নাফ নদী ও বঙ্গোপসাগর থেকে বিভিন্ন সময়ে ধরে নিয়ে যাওয়া ৭৩ জন বাংলাদেশি জেলেকে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে ধারাবাহিক আলোচনার পর বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) বিকেল সাড়ে ৪টার দিকে টেকনাফের জালিয়াপাড়া ট্রানজিট জেটিঘাট দিয়ে তাঁদের দেশে ফিরিয়ে আনা হয়।

বিকেলে টেকনাফ বাংলাদেশ-মিয়ানমার ট্রানজিট জেটিঘাটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী। এ সময় ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মো. মঈনুল আলম ও টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আতিকুর রহমানসহ বিজিবির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে বিজিবি অধিনায়ক জানান, বঙ্গোপসাগরে মাছ ধরার সময় বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করায় বিভিন্ন সময়ে এসব জেলেকে আটক করেছিল আরাকান আর্মি। বিজিবির ধারাবাহিক প্রচেষ্টায় তাঁদের নিরাপদে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। দেশের সার্বভৌমত্ব ও সীমান্তের নিরাপত্তা রক্ষায় বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

দেশে ফেরা জেলেদের একজন টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের জালিয়াপাড়ার বাসিন্দা আবুল হোসেন (৬০) বন্দিশালার ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরে জানান, পাঁচজন মাঝিমাল্লা নিয়ে সেন্টমার্টিনের পূর্ব পাশে সাগরে মাছ ধরতে গেলে আরাকান আর্মির সদস্যরা ধাওয়া করে তাঁদের ধরে নিয়ে যান। প্রায় নয় মাসের বন্দিজীবনে তাঁদের ওপর শারীরিক নির্যাতন চালানো হতো, প্রতিদিন প্রায় সাত ঘণ্টা শ্রমিক হিসেবে কাজ করতে বাধ্য করা হতো এবং সারা দিনে মাত্র একবেলা ভাত দেওয়া হতো।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী জানান, আরাকান আর্মির হেফাজতে আটক থাকা অন্য জেলেদেরও ফিরিয়ে আনার জন্য সরকারের পক্ষ থেকে প্রচেষ্টা চলছে। দেশে ফেরা জেলেদের প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিজিবির তথ্য অনুযায়ী, চলতি বছর বিভিন্ন সময়ে আটক হওয়া মোট ৩২৩ জন জেলেকে মিয়ানমার থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে, যাঁদের অধিকাংশই গভীর সমুদ্রে মাছ শিকার শেষে ফেরার পথে আটক হয়েছিলেন। অবশিষ্ট আটক জেলেদেরও নিরাপদে ফিরিয়ে আনতে বিজিবির প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

এমএসএম / এমএসএম

Link Copied