
মধুপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৬, ০৩:১৭ অপরাহ্ণ

মধুপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত র্যালিতে অংশগ্রহণকারীরা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের হলরুমে গিয়ে শেষ হয়। পরে সেখানে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এবিএম মেজবাহ উদ্দিন আহমেদ, মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম ফজলুল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. শহিদুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাজিব আল রানা, মধুপুর উপজেলা বিএনপির সভাপতি মো. জাকির হোসেন সরকার'সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের বক্তব্যে বলেন, প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতি, পুষ্টি নিরাপত্তা ও গ্রামীণ কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ খাতের উন্নয়নে আধুনিক প্রযুক্তির ব্যবহার, খামারিদের প্রশিক্ষণ এবং প্রাণীর যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে হবে। নিরাপদ প্রাণিজ আমিষের চাহিদা পূরণে সরকার ও সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. শহিদুজ্জামান বলেন, প্রাণিসম্পদ খাতকে আরও সমৃদ্ধ করতে আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে গবাদিপশু ও হাঁস-মুরগি পালন জরুরি। খামারিদের নিয়মিত টিকাদান, রোগ প্রতিরোধ, সুষম খাদ্য ব্যবস্থাপনা এবং উন্নত জাতের পশু পালনে সচেতন হতে হবে। প্রাণিসম্পদ দপ্তর থেকে খামারিদের প্রয়োজনীয় পরামর্শ ও সেবা দেওয়ার কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
মধুপুর উপজেলা বিএনপির সভাপতি মো. জাকির হোসেন সরকার বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও মানুষের পুষ্টির চাহিদা পূরণে প্রাণিসম্পদ খাতের গুরুত্ব অপরিসীম। এ খাতের সঙ্গে জড়িত খামারি ও উদ্যোক্তাদের উৎসাহিত করার পাশাপাশি তাঁদের প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে হবে। প্রাণিসম্পদ খাতের উন্নয়নে সংশ্লিষ্ট সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।



















