
বোয়ালমারীতে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ উদযাপন কর্মসূচির উদ্বোধন
প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৬, ০২:০৭ অপরাহ্ণ

ফরিদপুরের বোয়ালমারীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপনের কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে এটির উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রকিবুল হাসান। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার শওকত আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বোয়ালমারী উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার সাহা। এছাড়াও উপজেলা সহকারী কমিশনার নাজমুন নাহার নাঈম, বোয়ালমারী পৌর জামায়াতের আমির সৈয়দ নিয়ামুল হাসান,উপজেলা স্বাস্থ্যকর্মকর্তা ডাক্তার নাজমুল হাসান,সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ কারিজুল ইসলাম ও উপজেলা কৃষকদল সভাপতি লুৎফর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ একটি আয়োজন। বাংলাদেশের অর্থনীতি, পুষ্টি নিরাপত্তা, কর্মসংস্থান এবং গ্রামীণ উন্নয়নে প্রাণিসম্পদ খাতের অবদান অপরিসীম।
আমাদের দৈনন্দিন জীবনে দুধ, মাংস ও ডিমের চাহিদা পূরণে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পাশাপাশি গবাদিপশু ও হাঁস-মুরগি পালন করে দেশের অসংখ্য মানুষ স্বাবলম্বী হচ্ছেন। বিশেষ করে গ্রামীণ নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন এবং বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে এ খাতের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। তাই জাতীয় উন্নয়ন ও অগ্রগতির স্বার্থে সংশ্লিষ্ট সবাইকে এ খাতকে এগিয়ে নিতে কার্যকর ভূমিকা রাখতে হবে।




















