
প্রাণিসম্পদ রপ্তানিতে বৈদেশিক মুদ্রা অর্জনের হাতছানি, খামারিদের এগিয়ে আসার আহ্বান
প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৬, ০২:০২ অপরাহ্ণ

দেশের প্রাণিজ আমিষের চাহিদা পূরণের পাশাপাশি প্রাণিসম্পদজাত পণ্য রপ্তানির সম্ভাবনা কাজে লাগাতে খামারিদের বাণিজ্যিক পশুপালনে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ দিদারুল আলম।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
ইউএনও বলেন, প্রাণিসম্পদ খাতে উদ্যোক্তা হওয়ার ব্যাপক সুযোগ রয়েছে। এ খাতে উদ্যোগী হলে নিজেরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি অন্যদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব। উদ্যোক্তাদের প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে।
‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদের বজ্রকণ্ঠ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রকাশ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিশ্বজিৎ কর্মকার, মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচী ও খাদ্য নিয়ন্ত্রক ভক্তিপদ কর্মকার।
আলোচনা সভায় সফল খামারি মামুন খান তাঁর অভিজ্ঞতা তুলে ধরে জানান, মাত্র ৯ হাজার টাকা দিয়ে একটি গরু কিনে খামার শুরু করেছিলেন। বর্তমানে তাঁর খামারে ১৪টি গরু রয়েছে।
অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে আসা খামারি ও উদ্যোক্তারা নিজেদের সফলতার গল্প তুলে ধরেন। বক্তারা অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও পুষ্টি চাহিদা পূরণে প্রাণিসম্পদ খাতের গুরুত্ব তুলে ধরেন।
তিন দিনব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের কর্মসূচি চলবে ২৬ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত।




















