বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

logo

এবার সিনেমায় গাইবেন বুবলী

reporter

প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৬, ১২:৩৯ অপরাহ্ণ


এবার সিনেমায় গাইবেন বুবলী

ছিলেন সংবাদ পাঠিকা। এরপর হয়েছেন সিনেমার অভিনেত্রী। অভিনয়ে সাফল্যও পেয়েছেন বেশ। কিন্তু শবনম বুবলীর যে আরো একটা গুণ রয়েছে, তাও সামনে এসেছে গেল রোজার ঈদে। ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে একটি গান গেয়েছিলেন তিনি।

এবার সিনেমার গানেও অভিষেক হতে যাচ্ছে বুবলীর। জাহিদ হোসেনের সিনেমা ‘ঢাকাইয়া দেবদাস’-এর একটি গানে কণ্ঠ দেবেন তিনি। খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নির্মাতা নিজেই।

জাহিদ জানান, গানটি নিয়ে বুবলীর সঙ্গে এরইমধ্যে আলোচনা হয়েছে। গান গাওয়ার প্রস্তাবে সম্মতিও দিয়েছেন অভিনেত্রী। গানটির কথা লিখেছেন কবির বকুল, এই ডিসেম্বরে রেকর্ডিংয়ের পরিকল্পনা করছেন তারা।

নির্মাতা বলেন, ‘শুটিংয়ের সময় গানটির ডেমো শুনে বুবলী বেশ পছন্দ করেন। সেই সুবাদে তাকে গানটি গাওয়ার প্রস্তাব দেই। তিনিও রাজি হয়েছেন।’

পুরান ঢাকার মানুষ, সমাজ ও সংস্কৃতিকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে ‘ঢাকাইয়া দেবদাস’। একটি প্রেমের সম্পর্কের মধ্য দিয়ে উঠে আসবে পুরান ঢাকার ইতিহাস-ঐতিহ্য। এতে বুবলীর সঙ্গে অভিনয় করছেন আদর আজাদ। এটি এই জুটির চতুর্থ সিনেমা। সিনেমাটিতে আরো অভিনয় করছেন তারিক আনাম খান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু প্রমুখ।

এদিকে সম্প্রতি নতুন আরেকটি ভূমিকায় যাত্রা শুরু করেছেন বুবলী। তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘বিগ প্রোডাকশন’ থেকে নির্মিত হয়েছে প্রথম স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘ঠিকানা’। মুরসালিন সরকার নির্মিত সিনেমাটি নির্বাচিত হয়েছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। ৯ জানুয়ারি শুরু হবে উৎসবটির ২৫তম আসর।

aliul / aliul

Link Copied