বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

logo

ইন্দোনেশিয়ায় সোনার খনিতে বন্যা : ১৩ জন নিহত, আটকা আরও ১৩ জন

reporter

প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৬, ১২:৩০ অপরাহ্ণ


ইন্দোনেশিয়ায় সোনার খনিতে বন্যা : ১৩ জন নিহত, আটকা আরও ১৩ জন

ভারী বর্ষণের জেরে ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশের বোগোর অঞ্চলে একটি ভূ-গর্ভস্থ স্বর্ণের খনিতে বন্যা দেখা দিয়েছে। এতে ওই খনির ১৩ জন শ্রমিক নিহত হয়েছেন এবং আটকা পড়েছেন আরও ১৩ জন।

বোগর অঞ্চলটি প্রশাসনিকভাবে পশ্চিম জাভা প্রদেশের অন্তর্ভুক্ত হলেও ভৌগলিক অবস্থানগত দিক থেকে রাজধানী জাকার্তার নিকটবর্তী। পুলিশ জানিয়েছে, বুধবার বৃষ্টির সময় ভূপৃষ্ঠের ৩২৮ ফুট (১০০ মিটার) গভীরে অবস্থিত খনিটিতে মোট ২৬ জন শ্রমিক কাজ করছিলেন। ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় খনিটি প্লাবিত হলে ১৩ জন শ্রমিক নিহত হন এবং বাকি ১৩ জন আটকে পড়েন।

খনিটি অবৈধ বলে জানিয়েছে পুলিশ; অর্থাৎ খনিটির মালিকপক্ষ এটির অস্তিত্ব সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবহিত করেননি, স্বর্ণ উত্তোলনের অনুমতিও নেননি।

আটক শ্রমিকদের উদ্ধারে গতকাল বুধবার থেকেই দমকল বিভাগের উদ্ধারকারী বাহিনীর লোকজন অভিযান শুরু করেছে, তবে খনির সুড়ঙ্গটি সরু, পিচ্ছিল এবং অন্ধকারাচ্ছন্ন হওয়ায় সেখানে প্রবেশ করা বেশ কঠিন হয়ে পড়েছে।

পশ্চিম জাভা প্রাদেশিক ফায়ার সার্ভিসের অনুসন্ধান ও উদ্ধারকারী বিভাগ জানিয়েছে, তাদের টিমের লোকজন খনির দুটি সুড়ঙ্গে মনোযোগ দিয়েছেন এবং ভেতরে প্রবেশের জন্য দড়ি ব্যবহার করছেন। তবে ৩২৮ ফুট গভীরতা উদ্ধার কাজকে আরও জটিল করে তুলেছে।

পশ্চিম জাভার পুলিশ প্রধান হেংকি রয়টার্সকে জানিয়েছেন, মৃত ১৩ জনের মধ্যে ছয়জনের পরিচয় শনাক্ত করা গেছে। তিনি আরও বলেন, আবহাওয়া অনুকূলে থাকলে বৃহস্পতিবার উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।

ইন্দোনেশিয়ায় ছোট পরিসরে অবৈধ খনি খননের ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে। এসব খনির অধিকাংশই  দুর্গম এলাকায় অবস্থিত হওয়ায় কর্তৃপক্ষের পক্ষে সেগুলোর ওপর নজরদারি চালানো কঠিন হয়ে পড়ে।

এক প্রতিবেদনে পশ্চিম জাভার স্থানীয় সংবাদমাধ্যম ‘দেতিক’ জানিয়েছে, গত জানুয়ারিতে একই এলাকায় একটি অবৈধ স্বর্ণখনিতে কার্বন মনোক্সাইড বিষক্রিয়ায় বেশ কয়েকজন খনি শ্রমিক মারা গিয়েছিলেন।

সূত্র : রয়টার্স

aliul / aliul

Link Copied