বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

logo

নওয়াপাড়ায় ৫৪ লাখ টাকার সরকারি গম জব্দ, আটক- ৫

reporter

মতিন গাজী, যশোর

প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৬, ১১:০১ অপরাহ্ণ


নওয়াপাড়ায় ৫৪ লাখ টাকার সরকারি গম জব্দ, আটক- ৫

যশোরের অভয়নগরে ১৫০ মেট্রিক টন সরকারি গমসহ এমভি সূর্যবানু-১১ নামের একটি লাইটার জাহাজ জব্দ করেছে যৌথ বাহিনী। জব্দ করা গমের আনুমানিক বাজারমূল্য ৫৪ লাখ ৩৬ হাজার টাকা। এ ঘটনায় জাহাজের পাঁচজন স্টাফকে আটক করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) বিকেলে নওয়াপাড়া নদীবন্দরের বেঙ্গল খেয়াঘাটসংলগ্ন রাসেল ফারাজীর ঘাটে অভিযান চালিয়ে গমবোঝাই জাহাজটি জব্দ করা হয়। উপজেলা প্রশাসনের নেতৃত্বে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৬ (এসআরবি-৬), অভয়নগর থানা পুলিশ ও নৌপুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। আটক ব্যক্তিরা হলেন জাহাজের সুকানি আব্দুর রহমান, হায়াতুল ইসলাম, নয়ন, খালিদ হাসান ও হাসান ইসলাম। তাঁদের বাড়ি যথাক্রমে মাগুরা, ফরিদপুর, নোয়াখালী ও ঝালকাঠি জেলার বিভিন্ন উপজেলায়। সংশ্লিষ্ট সূত্র জানায়, মঙ্গলবার (২৪ নভেম্বর) মোংলা বন্দরের হাড়বাড়িয়া এলাকা থেকে এমভি সূর্যবানু-১১ জাহাজে ১৫০ মেট্রিক টন বা ৩৮০ বস্তা গম বোঝাই করা হয়। পরদিন জাহাজটি নওয়াপাড়া নদীবন্দরের রাসেল ফারাজীর ঘাটে নোঙর করে। এসআরবি-৬ যশোরের অধিনায়ক মেজর নাজমুল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে জাহাজটিতে অভিযান চালিয়ে ৩৮০ বস্তা গম জব্দ করা হয়। এ সময় জাহাজের সুকানিসহ সাতজনকে আটক করা হয়েছিল। জিজ্ঞাসাবাদ শেষে দুজনকে ছেড়ে দেওয়া হয়েছে। অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু জানান, উপজেলা প্রশাসনের নেতৃত্বে এসআরবি-৬, থানা পুলিশ ও নৌপুলিশের সহযোগিতায় অভিযান পরিচালিত হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে থানা পুলিশ ও নৌপুলিশ কাজ করছে।

মতিন গাজী / এমএসএম

Link Copied