বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

logo

অবৈধ ইটভাটা পরিচালনা, মধুপুরে ৩ লাখ টাকা জরিমানা

reporter

মোঃ লিটন সরকার

প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৬, ০৯:১৮ অপরাহ্ণ


অবৈধ ইটভাটা পরিচালনা, মধুপুরে ৩ লাখ টাকা জরিমানা

টাঙ্গাইলের মধুপুরে অনুমোদন ছাড়াই ইটভাটা পরিচালনা ও পরিবেশের ক্ষতিসাধনের দায়ে তিতাস ব্রিক ফিল্ডকে ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৫ নভেম্বর) উপজেলা প্রশাসনের পরিচালিত অভিযানে এ অর্থদণ্ড দেওয়া হয়। পরে তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা আদায় করা হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১১টা থেকে বিকেল পর্যন্ত উপজেলার কুড়ালিয়া ইউনিয়নের চাপড়ি বাজারসংলগ্ন তিতাস ব্রিক ফিল্ডে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ইটভাটাটি প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই পরিচালিত হচ্ছিল। একই সঙ্গে অবৈধভাবে ইট উৎপাদনের মাধ্যমে পরিবেশের ক্ষতিসাধনের দায়ে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

অভিযান পরিচালনা করেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় এসআরবি-১৪, সিপিসি-৩, টাঙ্গাইলের সদস্যরা অংশ নেন। এ সময় মধুপুর থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরাও সহযোগিতা করেন।

অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, পরিবেশ সুরক্ষা এবং অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধে উপজেলা প্রশাসনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে। পরিবেশের ক্ষতি করে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

মোঃ লিটন সরকার / এমএসএম

Link Copied