
১২ দিনের ব্যবধানে ফের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত তুরস্কে, নিহত ৫
প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৬, ১২:১৭ অপরাহ্ণ

মাত্র ১২ দিনের ব্যবধানে ফের বিধ্বস্ত হলো তুরস্কের সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার। এ ঘটনায় হেলিকপ্টারটিতে থাকা ৫ জনের সবাই নিহত হয়েছেন।
হেলিকপ্টারটি প্রশিক্ষণ ফ্লাইটের সময় বিধ্বস্ত হয়েছে বলে নিশ্চিত করেছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, “প্রশিক্ষণ উড্ডয়নের সময় বিমান বাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হলে আমাদের পাঁচজন বীর সহযোদ্ধা নিহত হয়েছেন।”
বিবৃতিতে আরও বলা হয়েছে যে বিধ্বস্ত হেলিকপ্টারটি ছিল এএস-৫৩২ কুগার সিরিজের। ফ্রান্সের তৈরি এই মডেলের হেলিকপ্টারগুলো সেনা পরিবহনের কাজে ব্যবহৃত হয়।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, হেলিকপ্টারটি রাজধানী আঙ্কারা ও ইস্তাম্বুলের মধ্যবর্তী এসকিশেহির প্রদেশের একটি ঘাঁটি থেকে উড্ডয়ন করেছিল। কিছুক্ষণ ওড়ার পর প্রদেশের তেপেবাসী জেলায় একটি খোলা তৃণভূমিতে ভূপাতিত হয় হেলিকপ্টারটি। তুরস্কের সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবি ও ভিডিও ফুটেজগুলোতে একটি বিশাল খোলা প্রান্তরে জরুরি পরিষেবার যানবাহনগুলো অবস্থান করতে দেখা গেছে।
কী কারণে এ দুর্ঘটনা ঘটল— সে সম্পর্কে কিছু বলেনি তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবারের ঘটনার ১২ দিন আগে গত ১২ নভেম্বর তুরস্কের পূর্বাঞ্চলে একটি এস-৭০ সিরিজের হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছিল এবং সেটিতে থাকা চারজন সেনা সদস্যের সবাই নিহত হয়েছিলেন। সেই দুর্ঘটনার কারণও এখন পর্যন্ত জানা যায়নি।
যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো জোটের সদস্য দেশগুলোর মধ্যে তুরস্কের সেনাবাহিনী দ্বিতীয় বৃহত্তম। ইরাক ও সিরিয়ায় সন্ত্রাসবিরোধী অভিযানের জন্য তাদের বাহিনী আনুষ্ঠানিকভাবে মোতায়েন রয়েছে।
কুর্দি বিদ্রোহের অবসানের পর থেকে তুরস্কের নিজস্ব ভূখণ্ডে আর কোনো সংঘাত চলছে না। ২০২৪ সালে তুর্কি রাষ্ট্র এবং কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির মধ্যে শান্তি প্রক্রিয়া শুরুর মাধ্যমে এই বিদ্রোহের সমাপ্তি ঘটেছে।
সূত্র : এএফপি, এনডিটিভি






















