মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

logo

জবির আইন অনুষদের সেমিনারে জকসুর বই হস্তান্তর

reporter

মোঃ তরিকুল ইসলাম,জবি প্রতিনিধি

প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ণ


জবির আইন অনুষদের সেমিনারে জকসুর বই হস্তান্তর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন অনুষদের সেমিনার লাইব্রেরিকে সমৃদ্ধ করতে একাডেমিক বই সরবরাহ করেছে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)। এর ব্যবস্থাপনায় ছিলেন জকসুর আইন ও মানবাধিকার সম্পাদক হাবিব মোহাম্মদ ফারুক।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সেমিনার কক্ষে বই হস্তান্তর কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এ সম্পর্কে হাবিব মোহাম্মদ ফারুক বলেন, "প্রথম বর্ষ থেকেই তিনি দেখেছেন, অনেক শিক্ষার্থী বই কিনতে না পেরে অন্যের কাছ থেকে ধার নিয়ে পড়াশোনা করেন। শিক্ষার্থীদের এ সমস্যা বিবেচনায় নিয়েই বই সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য আমরা ৮ সেমিস্টারের জন্য ৩২ কপি বউ সরবরাহ করেছি। শিক্ষার্থীরা লাইব্রেরিতে বসে বই পড়ার পাশাপাশি প্রয়োজনে বাসায় নিয়েও পড়তে পারবেন এ ব্যবস্থাও আমরা গ্রহণ করব।"

জকসু জিএস আব্দুল আলিম আরিফ ডিপার্টমেন্টে প্রজেক্টর, সাউন্ড সিস্টেম এবং এসি সংক্রান্ত পুরনো প্রস্তাবনার কথা তুলে ধরে বলেন, "মাইক্রোফোনের বর্তমান সমস্যার সমাধানে কর্ডলেস ও রিচার্জেবল ব্যাটারিচালিত সিস্টেম আনার চেষ্টা করছি। গত বছরের ডিসেম্বর থেকে শুরু হওয়া দুটি হলের কাজ ভিসির টালমাটাল অবস্থা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে তিন মাস বন্ধ থাকলেও বর্তমানে পঞ্চম ফ্লোর পর্যন্ত এগিয়েছে। বাইরের স্ট্রাকচারের কাজ ডিসেম্বরের মধ্যে শেষ করার প্রতিশ্রুতি রয়েছে।"

সহকারী অধ্যাপক শাকিল আহমেদ বলেন, শিক্ষার্থীদের মূল জ্ঞানের উৎস হওয়া উচিত বই। বর্তমানে অনেকেই মূল বইয়ের পরিবর্তে স্লাইড, ইউটিউব ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ওপর নির্ভরশীল হয়ে পড়ছেন। আইন বিভাগের শিক্ষার্থীদের জন্য গেজেট গুরুত্বপূর্ণ প্রাথমিক পাঠ-উপকরণ উল্লেখ করে তিনি গেজেট ও রেফারেন্স বই পড়ার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী অন্যান্য মাধ্যম ব্যবহারের পরামর্শ দেন।

জবি আইন বিভাগের অধ্যাপক মুহাম্মদ আসাদুজ্জামান সাদী জকসুকে ধন্যবাদ জানিয়ে বলেন, "লাইব্রেরিটি দুটি বিভাগের অধীনে পরিচালিত হওয়ায় ব্যবস্থাপনায় কিছুটা জটিলতা রয়েছে। এ জন্য আইন বিভাগের স্বতন্ত্র সেমিনার লাইব্রেরি প্রতিষ্ঠা, দায়িত্বপ্রাপ্ত কর্মী নিয়োগ এবং জাতীয় দৈনিক পত্রিকা রাখার দাবি জানান।"

ভূমি প্রসাশন আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক খ্রিস্টিন রিচার্ডসন বলেন, "আইন বিভাগের শিক্ষার্থীদের জন্য ডিএলআরসহ বিভিন্ন রেফারেন্স বই অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু ক্লাসের নোট বা ইন্টারনেটের ওপর নির্ভর না করে মূল বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে।" তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘বই পড়ো, আরও বেশি বই পড়ো।’

অনুষ্ঠানে জকসুর সাধারণ সম্পাদক (জিএস) আব্দুল আলিম আরিফ, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক হাবিব মোহাম্মদ ফারুক, বিভাগের সম্মানিত শিক্ষক ও আইন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মোঃ তরিকুল ইসলাম,জবি প্রতিনিধি / এমএসএম

Link Copied