
ইবিতে ইবতেদায়ী জাতীয়করণের দাবি জমিয়তে তালাবায়ে আরাবিয়ার
প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২৬, ০৪:৫২ অপরাহ্ণ

ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি জানিয়েছে বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা। সংগঠনটির ৯৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালিতে এ দাবি তুলে ধরেন নেতাকর্মীরা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনের সামনে থেকে র্যালিটি শুরু হয়। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, প্রশাসন ভবন ও অনুষদ ভবন প্রদক্ষিণ করে পুনরায় মিলনায়তনের সামনে এসে শেষ হয়। পরে সেখানে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় র্যালীতে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার; তালাবায়ে আরাবিয়া, জিন্দাবাদ জিন্দাবাদ; ইবি তার স্বকীয়তা, ফিরে পাক ফিরে পাক; ইবতেদায়ী জাতীয়করণ, করতে হবে করতে হবে; ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
আলোচনা সভায় মো. আসাদুল্লাহ আল গালিবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিন্তাবিদ কলামিস্ট এবং গবেষক ড. ঈসা শাহেদী। সুপার বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মো. এমতাজ হোসেন, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হাসনাত আলী, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাকির হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আ.ব.ম সাইফুল ইসলাম সিদ্দিকী ও অধ্যাপক ড. আ.ব.ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফী, আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম, বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়ার বর্তমান কেন্দ্রীয় সভাপতি মো. মাহমুদুল হাসান, বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি মাও. মো. রুহুল আমিন। এছাড়াও আমন্ত্রিত অতিথিসহ সংগঠনের নেতাকর্মী ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস. এম. শামীম বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো ইসলামি শিক্ষা ও সাধারণ শিক্ষার সমন্বয়ে একটি আদর্শ শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠা করা। আর এই লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের স্বপ্ন থেকেই তালাবার আন্দোলনের ধারাবাহিকতায় আজকের ইসলামী বিশ্ববিদ্যালয়ের পথচলা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে লক্ষ্য ও উদ্দেশ্য সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন, সেই স্বপ্নের পূর্ণাঙ্গ বাস্তবায়নে বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া অগ্রণী ভূমিকা পালন করবে, ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, আমরা যখন ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্বকীয়তা, আদর্শ ও প্রতিষ্ঠাকালীন লক্ষ্য-উদ্দেশ্য নিয়ে কথা বলি, তখন অনেকের গাত্রদাহ হয়। কিন্তু স্পষ্ট করে বলতে চাই, বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন আদর্শ ও লক্ষ্য-উদ্দেশ্য বাস্তবায়নের কথা বলা কোনো অপরাধ নয়; বরং এটি আমাদের নৈতিক দায়িত্ব। আমরা চাই, ইসলামী বিশ্ববিদ্যালয় তার স্বকীয়তা ফিরে পাক। ইসলামি শিক্ষা ও আধুনিক সাধারণ শিক্ষার সমন্বয়ে একটি আদর্শ বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে উঠুক।






















