
রাজস্ব আদায়ে ধস
বেনাপোলে লাগাতার শুল্ক ফাঁকির পণ্য চালান আটক
প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৬, ০৪:৪১ অপরাহ্ণ

যশোরের বেনাপোল স্থলবন্দরে লাগাতার শুল্ককর ফাঁকির পণ্য চালান আটক হলেও থেমে নেই শুল্ককর ফাঁকির উৎসব। কাস্টম ও বন্দর অব্যবস্থাপনাকে পুঁজি করে শুল্ক ফাঁকি চক্রের সিন্ডিকেট সদস্যরা অব্যাহত শুল্ক ফাঁকি দিয়ে রাজস্বের কোটি কোটি টাকা লুটপাট করছে বলে জানা গেছে। ফলে গত অর্থবছরের ন্যায় চলতি অর্থবছরের শুরুতেই রাজস্ব আদায়ে বড় ধরনের ধস নেমেছে এ বন্দরে। চলতি ২০২৬-২০২৭ অর্থবছরের প্রথম চার মাসেই ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ২৪৮ কোটি ৭৪ লাখ টাকা।
কাস্টম ও বন্দর সূত্রে জানা যায়, গত ১৫ নভেম্বর (রোববার) রাতে বেনাপোল স্থলবন্দরের ১০ নং শেড এর সামনে থেকে ভারতীয় ট্রাক ভর্তি (ডাব্লিবি৫৭এ-৮৫৫৪) বোলটিং ক্লথস অ্যান্ড আদারস ঘোষণায় আনা ৩৭৬ প্যাকেজ পণ্য চালানের সাথে মিথ্যা ঘোষণায় আনা পাঁচ প্যাকেজ জিলেট রেজরের একটি চালান আটক করে কাস্টমস কর্তৃপক্ষ। যার মেনিফেস্ট নাম্বার- ৬০১/২০২৬/০১/০০৭০৫৯৭/১১, তারিখ-১২/১১/২০২৬ইং। পণ্য চালানটির আমদানিকারক প্রতিষ্ঠান রুজহান এন্টারপ্রাইজ এবং খালাসের দায়িত্ব থাকা সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স এস এম তারিক প্রাইভেট লিঃ (বেনাপোল)। কাস্টম কর্মকর্তাদের উপস্থিতিতে প্রাথমিকভাবে পণ্য চালানটির আংশিক কায়িক পরীক্ষণে উচ্চ শুল্ক মূল্যের প্রায় ৩৫ হাজার পিস জিলেট রেজার উদ্ধার হয়।
এর আগে, গত ১১ নভেম্বর রাতে বেনাপোল স্থলবন্দরের ৯ নং পণ্যগারের সামনে থেকে কাভার্ডভ্যান ভর্তি (যশোর-ট-১১-৬৩৯৩) ২৫ টন ওজনের ক্যামিক্যাল পণ্য চালান আটক করে কাস্টমস কর্তৃপক্ষ। পণ্য চালানটির আমদানিকারক প্রতিষ্ঠান বেনাপোলের ‘আনিন্দিতা ইন্টারন্যাশনাল’ টেলক পাউডার ঘোষণার পণ্য চালানটি শুল্কায়ন ছাড়াই শেড ইনচার্জ মোবারক হোসেনের সহায়তায় বন্দর হতে ছাড় নেওয়ার পাঁয়তারা চালাচ্ছিলো বলে কাস্টমস সূত্র নিশ্চিত করেন।
১১ নভেম্বর (বুধবার) বেনাপোল বন্দর থেকে নো-এন্ট্রির মাধ্যমে বেরিয়ে যাওয়া দুটি কাভার্ড ভ্যানে তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও কাশ্মীরি শাল উদ্ধার করে এসআরবি-১০ এর সদস্যরা। এসআরবি সূত্রে জানা যায়, উদ্ধার করা পণ্যের মধ্যে রয়েছে ১০ কোটি ৫৪ লাখ ১২ হাজার টাকা মূল্যের ২৬ হাজার ৩৫৩ পিস ভারতীয় শাড়ি এবং ৩৭ লাখ ৩০ হাজার টাকা মূল্যের ২ হাজার ৪৮৭ পিস কাশ্মীরি শাল। উদ্ধার করা পণ্যের মোট আনুমানিক বাজারমূল্য ১০ কোটি ৯১ লাখ ৪২ হাজার টাকা। এ সময় গ্রেপ্তার হয়েছেন, সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা এলাকার শাহাদাত হোসেনের ছেলে সাজ্জাদ হোসেন (২৮) এবং কলারোয়া উপজেলার জালাল উদ্দিনের ছেলে নাজমুল হোসেন (৩২)।
এ বিষয়ে পদ্মা সেতু (উত্তর) থানার ওসি সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেন জানান, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০ কর্মকর্তারা দুটি কাভার্ড ও দুইজন চালকসহ থানায় মামলা দিয়েছেন। আসামিদের নিকট থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এছাড়া দুই চালককে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন জানানো হয়েছে।
বন্দর সংশ্লিষ্টরা জানান, সিটিটিভি ক্যামেরা নিয়ন্ত্রিত বন্দর ও কাস্টমস ব্যাবস্থাপনায় একের পর এক শুল্ককর ফাঁকির পণ্য চালান আটকের ঘটনায় উদ্বিগ্ন ব্যবসায়ী মহল। তাদের দাবি কাস্টমসের প্রশাসনিক দুর্বলতায় বন্দর কর্তৃপক্ষের যোগসাজশে শুল্ক ফাঁকিবাজ চক্রের সদস্যরা বন্দর হতে পণ্য পাচার করতে সক্ষম হচ্ছে। তা ছাড়া শুল্ককর ফাঁকির সদস্যরা ব্যবসায়ী সেজে বিভিন্ন ভাড়া লাইসেন্সের মাধ্যমে বিলঅফ এন্ট্রি দাখিল করে শুল্ককর ফাঁকির নীলনকশা বাস্তবায়ন করছে। এসব চক্রের সদস্য কাস্টমসের লাইসেন্স শাখার গোপন তথ্যর মাধ্যমে পড়ে থাকা ও অকেজো লাইসেন্সের নামে জাল কার্ড বানিয়ে নো-এন্ট্রির পণ্য চালান রিসিভ করে পণ্য খালাস নিচ্ছে।
এ বিষয়ে এস এম তারিক প্রাইভেট লিঃ এর মালিক শাহাজান এর নিকট পণ্য আটক সংক্রান্তে জানতে চাইলে তিনি বলেন, রুজহান এন্টারপ্রাইজ নামের আমদানিকারক প্রতিষ্ঠানকে আমি চিনিনা, এমনকি ওনার পক্ষে আমি কোন কাগজপত্র কাস্টমসে দাখিল করিনি। কোন একটি চক্রের সদস্যরা আমার প্রতিষ্ঠানের বর্ডারম্যানের নামে জাল কার্ড দিয়ে পণ্য চালান রিসিভ করেছে। বেনাপোলে আপনার প্রতিষ্ঠানের কোনো প্রতিনিধি আছে কি জানতে চাইলে তিনি বলেন ইকরামুল নামে আমার ব্যবসায়িক পার্টনার আছে তার বাসা বেনাপোল। এ বিষয়ে সেই ভালো বলতে পারবে।
অনুসন্ধানে উঠে এসেছে, শুল্ককর ফাঁকি দিতে চক্রটি একেক সময় একেক লাইসেন্স ব্যবহার করে থাকে। কাস্টমসের সৎ কর্মকর্তাদের নজরদারি এড়াতে ভিন্ন ভিন্ন পন্থা অবলম্বন করে থাকে। মিথ্যা ঘোষণায় আনা পণ্য চালান ওঠা নামাতেও বিভিন্ন কৌশল অবলম্বন করছে সংঘবদ্ধ চক্রের সদস্যরা। এসব পণ্য চালান মোটা অঙ্কের লেনদেনে কর ফাঁকি দিতে বন্দরে দায়িত্বে থাকা শেড ইনচার্জরা সরাসরি জড়িত রয়েছে। বর্তমান বন্দরের একেকটি শেড শুল্ককর ফাঁকির হেডকোয়ার্টারে পরিণত হয়েছে।
কাস্টম সূত্র জানায়, ২০২৬-২৭ অর্থবছরে ১০ হাজার ৫৮৮ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে লক্ষ্যমাত্রার বিপরীতে প্রথম চার মাসেই ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ১২৪৮ কোটি ৭৪ লাখ টাকা। গত জুলাই,আগস্ট ও সেপ্টেম্বর মাসে নির্ধারিত লক্ষ্যমাত্রার বিপরীতে ৯৭৬ কোটি ৪৭ লাখ টাকা রাজস্ব ঘাটতি হয়েছে। একই সাথে অক্টোবর মাসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৭২৬ কোটি টাকা, মাস শেষে আদায় হয়েছে মাত্র ৪৫৩ কোটি ৭৩ লাখ টাকা, যা লক্ষ্যমাত্রার চেয়ে ২৭২ কোটি ২৭ লাখ টাকা কম।
স্থানীয় ব্যবসায়ীরা দাবি করেছেন, জাতীয় রাজস্ব বোর্ড ও রাষ্ঠের উচ্চ পর্যায়ের তদন্ত প্রতিরিধি পাঠিয়ে তদন্ত করলে বেরিয়ে আসবে প্রকৃত হিসাব। একটি টিমের মাধ্যমে নো-এন্ট্রি সিন্ডিকেট চক্রের কারসাজি বের করতে প্রতি মাসে বন্দরে কতটি মেনিফেস্টের বিপরীতে কতগুলো পণ্য চালান খালাস হয়েয়ে এবং কি পরিমান পণ্য চালান মজুদ আছে তার পূনাঙ্গ পর্যালোচনা করলে বেরিয়ে আসবে শুল্ককর ছাড়াই বন্দর থেকে কি পরিমান পণ্য চালান বেরিয়ে গেছে।
বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার মোহাম্মদ ফাইজুর রহমান বলেন,রাজস্ব ফাঁকি রোধে বেনাপোল কাস্টমস সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং দ্রুতই শুল্ক ফাঁকি জড়িতদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। তাছাড়া কর ফাঁকি জড়িতদের বিরুদ্ধে নিয়মিত ফৌজদারি মামলা দেওয়া হচ্ছে।




















