
‘পুরো অস্ট্রেলিয়া দল প্রতারণা করেছে, এটি ম্যাচ ফিক্সিংয়ের চেয়ে বড় অপরাধ’
প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৬, ১২:১৫ অপরাহ্ণ

আট বছর আগের স্যান্ডপেপারগেট কেলেঙ্কারি নিয়ে তোলপাড় অস্ট্রেলিয়ার ক্রিকেট। এখনও পক্ষে-বিপক্ষে আলোচনা থামেনি। উসমান খাজার করা ‘পুরো দলই স্যান্ডপেপার ব্যবহারের কথা জানত’ দাবিটি ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) কিংবা সর্বসম্মতভাবে স্বীকৃতি পায়নি। তবে খাজা-ওয়ার্নারদের কথা সঠিক ধরে নিয়েই অস্ট্রেলিয়াকে তুলোধুনো করলেন ইংল্যান্ডের কিংবদন্তি স্যার জিওফ্রে বয়কট।
তিন ক্রিকেটার শাস্তি পেলেও ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকায় বল টেম্পারিংয়ের কথা আগে থেকে পুরো অস্ট্রেলিয়া দলই জানত বলে নিজের আত্মজীবনী ‘সবর’-এ লিখেছেন উসমান খাজা। ডেভিড ওয়ার্নার সেই দাবিতে সমর্থন দেওয়ার পর অন্যতম অভিযুক্ত ক্যামেরন ব্যানক্রফট ও দলের বাইরে থাকা চ্যাড চেয়ার্সও একই কথা জানিয়েছেন। তবে প্যাট কামিন্স, জশ হ্যাজলউড কিংবা ক্রিকেট অস্ট্রেলিয়া এর বিপক্ষে অবস্থান করছে।
পুরো অস্ট্রেলিয়া দল স্যান্ডপেপার কেলেঙ্কারিতে জড়িত উল্লেখ করে সেটি ম্যাচ ফিক্সিংয়ের চেয়েও বড় অপরাধ হিসেবে মন্তব্য করেছেন বয়কট। সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’-এর এক কলামে ইংল্যান্ডের হয়ে ১৪৪টি আন্তর্জাতিক ম্যাচে প্রতিনিধিত্বকারী সাবেক এই খেলোয়াড় বলছেন, তৎকালীন ক্রিকেট অস্ট্রেলিয়া এই কেলেঙ্কারিটি ধামাচাপা দিয়েছিল, কারণ তারা ‘ভীষণভাবে ভীত ছিল। পুরো দলের স্যান্ডপেপার ব্যবহার নিয়ে জানার তথ্য প্রকাশিত হলে খেলাটির ভাবমূর্তির বড় ক্ষতি হতে পারত।
২০০০ সালে ম্যাচ ফিক্সিংয়ের দায়ে দক্ষিণ আফ্রিকার নায়ক থেকে খলনায়কে পরিণত হয়েছিলেন তৎকালীন অধিনায়ক হ্যান্সি ক্রনিয়ে। তার বিরুদ্ধে বাজিকরদের কাছ থেকে অর্থ ও উপহার নেওয়ার অভিযোগ উঠলে প্রথমে অস্বীকার করেছিলেন। তদন্তের একপর্যায়ে অপরাধ স্বীকার করার পর আজীবনের জন্য নিষিদ্ধ হন ক্রনিয়ে। যা ২৬ বছর আগে নাড়িয়ে দিয়েছিল দক্ষিণ আফ্রিকার ক্রিকেট। অস্ট্রেলিয়ার বল টেম্পারিংয়ের ঘটনাকে এরচেয়ে বড় অপরাধ হিসেবে দেখছেন জিওফ্রে বয়কট।
তিনি নিজের কলামে লিখেছেন, ‘স্যান্ডপেপার কেলেঙ্কারিটি ২৫ বছরের বেশি সময় আগে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটকে তছনছ করে দেওয়া হ্যান্সি ক্রনিয়ের ম্যাচ-ফিক্সিং ঘটনার চেয়েও বড়। ক্রিকেটের ইতিহাসে আমি যা কিছু পড়েছি বা দেখেছি, তার মধ্যে এটি সবচেয়ে বড় ঘটনা-পুরো একটি দলের প্রতারণা! ক্রনিয়ের অপরাধের ক্ষেত্রে মূলত কয়েকজন জুনিয়র খেলোয়াড়কে যুক্ত করার বিষয় ছিল…।’
‘কিন্তু স্যান্ডপেপার কাণ্ডে জড়িত ছিল পুরো অস্ট্রেলিয়া দল। দলের খেলোয়াড় থেকে শুরু করে কোচ, সবাই এর সঙ্গে গভীরভাবে জড়িত ছিলেন। সবাই মিলে প্রতারণার পরিকল্পনা করেছিলেন। আর ঘটনাটি ধামাচাপা দেওয়ার প্রক্রিয়ায় কেবল তিন জন খেলোয়াড়কে সব দোষ নিজের কাঁধে নিতে দেওয়া হয়। এটা বিস্ময়কর এবং অবিশ্বাস্য যে, তারা সবাই কীভাবে এর সঙ্গে একমত হয়। বিষয়টি যে কতটা বড়, এতেই তা বোঝা যায়।’
পুরো দলের ধরা পড়ে যাওয়ার বিষয়টি লুকাতেই সিএ যথাযথভাবে তদন্ত করেনি বলে দাবি ৮৬ বছর বয়সী বয়কটের, ‘এ কারণেই ক্রিকেট অস্ট্রেলিয়ার কর্মকর্তারা তখন পুঙ্খানুপুঙ্খ তদন্ত করতে চায়নি এবং সকল খেলোয়াড় ও কোচকে জিজ্ঞাসাবাদ করতে চায়নি। তারা ভীষণ ভয় পেয়েছিল যে, তদন্ত করলে যা বেরিয়ে আসবে, তা পুরো অস্ট্রেলিয়া ক্রিকেট দলকে প্রতারক হিসেবে চিহ্নিত করে দেবে।’






















