
চ্যাম্পিয়নস লিগের আগে স্ট্রেচারে মাঠ ছাড়লেন পিএসজি তারকা
প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৬, ১২:১৩ অপরাহ্ণ

২০২৫ সালে ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ জয়ে অসাধারণ পারফরম্যান্স করে নিজেকে চেনান দেসিরে দুয়ে। ২১ বছর বয়সী ফরোয়ার্ড রোমার বিপক্ষে বুধবারের চ্যাম্পিয়নস লিগ ম্যাচের আগে গুরুতর ইনজুরিতে পড়লেন। ৩৯তম মিনিটে ডানহাঁটু চেপে ধরে মাটিতে পড়ে যান এবং তীব্র যন্ত্রণায় চিৎকার করে ওঠেন। কিছুক্ষণ পর স্ট্রেচারে তাকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়।
দুই হাতে মুখ ঢেকে মাঠ ছাড়ার কিছুক্ষণ আগে পিএসজির দ্বিতীয় গোল করেন দুয়ে। নিসের বিপক্ষে ৩-২ গোলে লিগ ওয়ানের ম্যাচ জেতার দিনে তার ইনজুরি দলের বিপদ বাড়াল। ইতোমধ্যে খভিচা কভারাতসখেলিয়া ডান হাঁটুর এসিএল ইনজুরিতে মাঠের বাইরে। ২০ অক্টোবর বার্সেলোনার বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের সেই ম্যাচে তার সঙ্গে ঊরুর পেশির চোট পান উসমান দেম্বেলে ও অধিনায়ক মারকুইনহোস।
দ্বিতীয়ার্ধে বেঞ্চ থেকে দেম্বেলে উঠে আসার দিনে দুয়েকে কয়েক মাসের জন্য হারানোর আশঙ্কায় পড়ল পিএসজি। সব প্রতিযোগিতা মিলে টানা ১২তম জয়ের ম্যাচে প্রতিপক্ষ মিডফিল্ডার সোফিয়ানে দিওপের কাছ থেকে বল আড়াল করতে গিয়ে চোট পান ২১ বছর বয়সী ফরাসি ফরোয়ার্ড। ডান পা পুরোপুরি বাড়িয়ে দেন বল নিয়ন্ত্রণে রাখতে, মাটিতে পা পড়তেই ব্যথা নিয়ে পড়ে যান তিনি।
ম্যাচ শেষে দুয়ের ইনজুরি নিয়ে কোচ লুইস এনরিকে বলেছেন, ‘ইনজুরির প্রকৃত ধরন বুঝতে আমাদের আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিন্তু এটা গুরুতর ইনজুরি, আমরা ছবিগুলো দেখেছি। একজন পেশাদার ফুটবলারের এটাই জীবন। আপনাকে বুঝতে হবে এটা ক্যারিয়ারের একটি অংশ এবং এটাকে মেনে নিতে হবে।’
দুয়ের মনের মধ্যে কী চলছে তাও জানালেন স্প্যানিশ কোচ, ‘সে দুঃখিত এবং চিন্তিত। সে দ্বিগুণ শক্তি নিয়ে ফিরে আসবে, এতে কোনো সন্দহ নেই।’ ফরাসি ফরোয়ার্ডের বদলি নেমে স্পেন ফরোয়ার্ড ফেররান তোরেস দলের তৃতীয় গোল করেন। পিএসজির প্রথম গোলটি করেছিলেন সেনি মায়ুলু।






















