বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

logo

পটুয়াখালীতে এক রাতে আওয়ামী লীগের আট নেতার বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ

reporter

প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ণ


পটুয়াখালীতে এক রাতে আওয়ামী লীগের আট নেতার বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ

পটুয়াখালীতে এক রাতের ব্যবধানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আট নেতার বসতবাড়িতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে।

বুধবার (১৮ নভেম্বর) রাত ১০টা থেকে বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) ভোর পর্যন্ত পটুয়াখালী পৌর শহর ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে এসব ঘটনা ঘটে। কয়েকটি বাড়িতে আগুন ছড়িয়ে পড়ায় আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে এবং আতঙ্কে কয়েকটি পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে প্রতিবেশীর বাসায় আশ্রয় নিয়েছেন। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ১০টার দিকে পৌর শহরের দক্ষিণ সবুজবাগ এলাকায় জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীরের বাসভবনে আগুন দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে কাজী আলমগীর কিংবা তাঁর পরিবারের কোনো সদস্য ওই বাসভবনে বসবাস করছিলেন না। একই রাতে জেলা শ্রমিক লীগের সহসভাপতি খলিলুর রহমানের বাসভবনে হামলা চালিয়ে মালামাল, জানালা ও বিদ্যুৎ সংযোগের মিটার ভাঙচুর করা হয়। এ ছাড়া আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেনের পিডিএস মাঠসংলগ্ন চারতলা ভবনের সামনে কয়েক দফায় আগুন ও পেট্রলবোমা নিক্ষেপ করা হলে স্থানীয় ভাড়াটিয়াদের তৎপরতায় আগুন ভেতরে ছড়াতে পারেনি।

অপরদিকে বৃহস্পতিবার ভোরে সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নে জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান মোহন মিয়ার গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ করা হলে আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। একই রাতে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান গোলাম সরোয়ারের পুরান বাজার এলাকার বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হলে পরিবারের সদস্যরা পেছনের দরজা দিয়ে বের হয়ে পাশের বাড়িতে আশ্রয় নেন। এ ছাড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নানের পুরান বাজার এলাকার বাড়ি এবং জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সোহেলের টাউন জৈনকাঠি এলাকার বাড়িতেও হামলার ঘটনা ঘটে। পাশাপাশি পটুয়াখালী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শাহজাহান মিয়ার বাসভবন লক্ষ্য করে আগুন নিক্ষেপের চেষ্টা করা হলেও বড় কোনো দুর্ঘটনা ঘটেনি।

পটুয়াখালী ফায়ার সার্ভিসের টিম লিডার মনোজ দত্ত জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ পরিমাণ তদন্তের পর জানা যাবে।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। ধারাবাহিক এসব হামলায় কারা জড়িত বা লকডাউন কর্মসূচির সঙ্গে এর কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

Link Copied