বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

logo

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে ফসলহানির আশঙ্কায় দুমকির কৃষকেরা

reporter

প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬, ০৫:০১ অপরাহ্ণ


ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে ফসলহানির আশঙ্কায় দুমকির কৃষকেরা

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সম্ভাব্য ঝড়ো হাওয়া ও অতিবৃষ্টিতে পাকা আমন ধান এবং শীতকালীন সবজির ক্ষতির আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন পটুয়াখালীর দুমকি উপজেলার কৃষকেরা। আর মাত্র ১৫ থেকে ২০ দিনের মধ্যেই মাঠের আমন ধান ঘরে তোলার উপযোগী হবে। এমন সময়ে প্রাকৃতিক দুর্যোগ দেখা দিলে ধানগাছ মাটিতে নুয়ে পড়া ও জমিতে পানি জমে ফসল নষ্ট হওয়ার শঙ্কা করছেন তাঁরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (১৮ নভেম্বর ২০২৬) রাত থেকে দুমকিসহ দক্ষিণ উপকূলীয় এলাকায় মেঘাচ্ছন্ন আকাশ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি অব্যাহত রয়েছে। পাশাপাশি পায়রাসহ দেশের সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত জারি করা হয়েছে। আবহাওয়ার এমন বৈরী রূপে আমন ধান ও শীতকালীন সবজি নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন প্রান্তিক চাষিরা।

উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের আলগী গ্রামের কৃষক শাহজাহান মুন্সী, লেবুখালী ইউনিয়নের পূর্ব কার্তিকপাশা গ্রামের আবদুল খালেক শরীফ, শ্রীরামপুর ইউনিয়নের উত্তর শ্রীরামপুর গ্রামের আমির হোসেন মৃধা এবং স্যানের চর এলাকার সুলতান খান জানান, চলতি মৌসুমে আমন ধানের ফলন বেশ ভালো হয়েছে। এখন ধান পাকার চূড়ান্ত পর্যায়ে রয়েছে। কিন্তু অগ্রহায়ণের শুরুতেই ঘূর্ণিঝড় কিংবা ভারী বর্ষণ হলে পাকা ধানগাছ মাটিতে হেলে পড়ে ব্যাপক ক্ষতি হবে এবং ফসল কাটা ও ঘরে তোলাও কঠিন হয়ে পড়বে।

কৃষকেরা জানান, সারা বছরের পরিশ্রম ও পুঁজি বিনিয়োগের পর এখন ফসল ঘরে তোলার সময়। এ মুহূর্তে দুর্যোগ আঘাত হানলে উৎপাদন খরচ তোলাই অসম্ভব হয়ে পড়বে। ঘূর্ণিঝড়ের প্রভাব দ্রুত কেটে গিয়ে বড় কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই মাঠের ফসল ঘরে তুলতে পারবেন—এমনটাই প্রত্যাশা করছেন তাঁরা।

এমএসএম / এমএসএম

Link Copied